১৫ বছরের প্রেম, ভ্যালেন্টাইনস ডে-তে রক্তস্নাত পরিণতি! গাড়ির ভেতর যুগলের নিথর দেহ, চাঞ্চল্য নয়ডায়

ভালোবাসার দিনে যখন গোটা বিশ্ব প্রেমের উদযাপনে মগ্ন, ঠিক তখনই নয়ডার সেক্টর ১০৭ এলাকায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। ১৫ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের মর্মান্তিক এবং নৃশংস পরিণতি দেখল উত্তরপ্রদেশ। একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হল ২৬ বছর বয়সী তরুণী রেখা এবং ৩২ বছর বয়সী যুবক সুমিতের রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকাকে গুলি করে খুনের পর নিজেকেও শেষ করে দিয়েছেন ওই যুবক।

মৃত রেখা নয়ডার সেক্টর ৫৮-র বাসিন্দা ছিলেন এবং সুমিত থাকতেন দিল্লির ত্রিলোকপুরীতে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। খবর পেয়ে পুলিশ এসে দরজা খুলে দেখে দুজনেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। গাড়ির ভেতর থেকে একটি রিভলবার ও গুলির খোল উদ্ধার হয়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ১৫ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও ইদানীং তাঁদের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। পরিবারের চাপে রেখা অন্য এক যুবকের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলেন, যা মেনে নিতে পারেননি সুমিত। এই আক্রোশ থেকেই তিনি চরম পথ বেছে নেন। ঘটনার ঠিক আগে নিজের পরিবারকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠান সুমিত। সেখানে তিনি লেখেন, “আমি নিজেকে শেষ করছি। এর জন্য রেখাই দায়ী। ১৫ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ও এখন অন্য কাউকে বিয়ে করছে। ও আমাকে ঠকিয়েছে।” যদিও সুমিতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত খুনও হতে পারে। গোটা ঘটনার নেপথ্যে আর কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে নয়ডা পুলিশ।