ভয়াবহ অগ্নিকাণ্ড যশ-নুসরতের আবাসনে! সন্তানদের নিয়ে আতঙ্কে পথে নামলেন তারকা দম্পতি

রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকা। টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন এক অভিজাত বহুতলে আগুন লাগায় রীতিমতো হুলুস্থুল পড়ে যায় টলিপাড়ায়। ওই আবাসনেই বসবাস করেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্রের মতো তারকারা। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিজেদের সন্তানদের কোলে নিয়ে নিরাপত্তার খাতিরে রাস্তায় নেমে আসতে বাধ্য হন যশ ও নুসরত।

দমকল সূত্রে খবর, ওই বহুতলের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, গত শুক্রবার শিবরাত্রির পুজোর পর একটি প্রদীপ না নিভিয়েই ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে চলে গিয়েছিলেন। সেই প্রদীপ থেকেই পুজোর ঘরে আগুন লাগে এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ফ্লোরে। সেই সময় ওই নির্দিষ্ট ফ্ল্যাটে কেউ না থাকলেও, ধোঁয়ার গন্ধে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দারা।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে আবাসনের লিফট বন্ধ করে দেওয়া হয়। সিড়ির মাধ্যমে বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়। যশ ও নুসরত তাঁদের সন্তানদের নিয়ে নিরাপদে নিচে নেমে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এবং বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।

দমকলের আধিকারিকরা জানিয়েছেন, সামান্য অসাবধানতা থেকেই এই বড়সড় বিপদ ঘটতে পারত। বিশেষ করে পুজোর প্রদীপ বা ইলেকট্রিক গ্যাজেট ব্যবহারের ক্ষেত্রে আবাসিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বাসিন্দারা নিজ নিজ ফ্ল্যাটে ফিরে গিয়েছেন। তবে সাতসকালে এমন আতঙ্কের ঘটনা নিয়ে এখনও সরগরম টলিউড।