পাক স্পিনার তারিক ‘সিলেবাসের বাইরের প্রশ্ন’, হাত মেলানো নিয়ে রহস্য! ভারত-পাক যুদ্ধের আগে ফুঁসছেন সূর্য!

টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টেজ মঞ্চে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই মহারণের আগে স্নায়ুর লড়াই তুঙ্গে। একদিকে পাকিস্তানের রহস্যময় স্লিঙ্গার স্পিনার উসমান তারিক, আর অন্যদিকে টিম ইন্ডিয়ার ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ সূর্যকুমার যাদব। লড়াইটা এখন কেবল ব্যাটে-বলের নয়, লড়াইটা মানসিক জেদ আর কৌশলের।

সিলেবাসের বাইরের প্রশ্ন তারিক: পাক স্পিনার উসমান তারিককে নিয়ে ক্রিকেট বিশ্বে জোর চর্চা। তাঁর বোলিং অ্যাকশন থেকে বৈচিত্র্য—সবই ভারতীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “পরীক্ষায় অনেক সময় সিলেবাসের বাইরের প্রশ্ন আসে। তারিকও ঠিক তেমন। তবে আমরা আত্মসমর্পণ করতে আসিনি। নেটে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং মাঠেই তার পাল্টা জবাব দেব।” সৌরভ গঙ্গোপাধ্যায়ও সতর্ক করে জানিয়েছেন, ভারতকে হারানো সহজ নয়, তবে তারিককে হালকাভাবে নেওয়া ভুল হবে।

টসের সময় হাত মেলানো নিয়ে জল্পনা: ভারত-পাক ম্যাচের উত্তেজনা মাঠের বাইরেও ছড়িয়েছে। টসের সময় পাক অধিনায়ক সলমন আঘার সঙ্গে সূর্য কি হাত মেলাবেন? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক রহস্য জিইয়ে রেখে বলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। এখনই জল্পনা করার দরকার নেই। আমরা ভালো ক্রিকেট খেলতে এসেছি। সাসপেন্স রবিবার পর্যন্তই থাক, টসের সময় যা হওয়ার তা সবাই দেখতে পাবেন।”

দলের শক্তি ও সম্ভাব্য একাদশ: ভারতীয় দলে ফিরছেন মারকুটে ব্যাটার অভিষেক শর্মা, যিনি সঞ্জু স্যামসনের জায়গায় ওপেনিংয়ে নামতে পারেন। বোলিং বিভাগে অর্শদীপ সিংয়ের পরিবর্তে কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে স্পিন আক্রমণ আরও ধারালো করতে পারে ভারত। অন্যদিকে, পাকিস্তান চার বিশেষজ্ঞ বোলার নিয়ে নামার পরিকল্পনা করছে। গত ২৬টি ম্যাচের মধ্যে ২৫টিতে জিতে ভারত ফেভারিট হলেও, পাকিস্তান গত ১৫ দিন ধরে শ্রীলঙ্কায় থেকে কন্ডিশনের বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তবে সূর্য সাফ জানিয়েছেন, অজুহাতের কোনও জায়গা নেই।

ভারতের সম্ভাব্য একাদশ: ঈশান কিষাণ (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।