শপথ পরশু, কিন্তু মোদী কি ঢাকা যাবেন? তারেক রহমানের আমন্ত্রণে নয়া সমীকরণ দিল্লির

আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি-র তারেক রহমান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে দিল্লির উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, ওইদিন মুম্বইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থাকায় প্রধানমন্ত্রী মোদীর ঢাকা যাওয়া অনিশ্চিত। ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বা উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

নির্বাচনে বিশাল জয়ের পর তারেক রহমান স্পষ্ট করেছেন তাঁর বিদেশনীতির মূল মন্ত্র— ‘বাংলাদেশ ফার্স্ট’। তিনি জানিয়েছেন, কোনো দেশকেই ‘মাস্টার’ বা প্রভু হিসেবে দেখা হবে না; বরং ভারত, চিন ও পাকিস্তানের সঙ্গে সমমর্যাদার ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। ৩০০ আসনের সংসদে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি-র জন্য এটি যেমন বড় জয়, দিল্লির জন্য তেমনই এক নতুন চ্যালেঞ্জ। গত এক দশকে হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠতা ছিল, তারেক জমানায় তা কতটা বজায় থাকে, সেটাই এখন দেখার।