তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণ! ১৭ ফেব্রুয়ারি কি ঢাকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী?

দুই দশক পর বাংলাদেশের শাসনক্ষমতায় ফিরছে বিএনপি। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। এই মেগা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু ভারত নয়, প্রতিবেশি চিন ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপি সূত্রের খবর, অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই আমন্ত্রণের তদারকি করছে। আমন্ত্রিত দেশগুলির তালিকায় রয়েছে— ভারত, চিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। দক্ষিণ এশীয় দেশগুলোর এই সমাগমকে আঞ্চলিক কূটনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
মোদী কি যাবেন? দিল্লি সূত্রে খবর, ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থাকায় প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফর অনিশ্চিত। তবে ভারত থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই শপথে যোগ দিতে পারেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বা উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা তুঙ্গে। নির্বাচনের জয়ের পরই তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী, যা দুই দেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।