পাক বধের ব্লু-প্রিন্ট তৈরি সূর্যের! কলম্বোর মহারণে উসমান ‘কাঁটা’ উপড়াতে মরিয়া গম্ভীর

দুবাই থেকে কলম্বো— লড়াইটা ভারত বনাম পাকিস্তানের। ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র ‘ফার্স্ট বয়’ ভারত, অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মরণ-বাঁচন পরিস্থিতির সামনে পাকিস্তান।

কয়েকদিন আগেই এই ম্যাচ ঘিরে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ বয়কট করার হুমকি দিয়েও শেষ মুহূর্তে পিছু হটেছে, যা নিয়ে ক্রিকেট মহলে চরম হাসিঠাট্টা চলছে। সাম্প্রতিক এশিয়া কাপেও গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারতীয় দলের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল বাবর আজমদের। বিশ্বকাপের পরিসংখ্যানেও ভারত ৮ সাক্ষাতের মধ্যে ৭-১ ব্যবধানে পরিষ্কার এগিয়ে।

অভিষেক ফিরছেন? চিন্তা উসমানকে নিয়ে: ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর হলো, অসুস্থতার কারণে নামিবিয়া ম্যাচে অনুপস্থিত থাকা ওপেনার অভিষেক শর্মা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং আজকের ম্যাচে তাঁর খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি ফিরলে জায়গা ছাড়তে হতে পারে সঞ্জু স্যামসনকে। তবে ভারতের মূল মাথাব্যথা এখন পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিককে নিয়ে। উসমানের বোলিং অ্যাকশন এবং ক্রিজে এসে থমকে যাওয়ার স্টাইল (Long Pause) নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে বিতর্কের ঝড় উঠেছে। রবিচন্দ্রন অশ্বিন তাঁর পক্ষ নিলেও আকাশ চোপড়া এই অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। উসমানের এই ‘কাঁটা’ উপড়াতেই এখন ব্যস্ত সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর।

বুমরা-সিরাজ বনাম বাবর: পাওয়ার প্লে-তে উইকেট তোলাই ভারতের প্রধান লক্ষ্য। যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পেস ব্যাটারির ওপর ভরসা রাখছে দল। অন্যদিকে, পাকিস্তানের ব্যাটিংয়ের হাল ধরতে মরিয়া বাবর আজম। শাহিবজাদা ফারহান ফর্মে থাকলেও বরুণ চক্রবর্তীর স্পিন সামলানো তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ হবে।

আকাশে বৃষ্টির মেঘ: কলম্বোর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ৬৫% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। যদি বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়, তবে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে। এর ফলে ভারত অনায়াসেই সুপার এইটের টিকিট নিশ্চিত করে ফেলবে, কিন্তু পাকিস্তানের জন্য রাস্তা কঠিন হয়ে পড়বে। আজ জিতেই পাকিস্তানের বিশ্বকাপ যাত্রার কফিনে শেষ পেরেক পুঁততে চাইবেন গুরু গম্ভীর।