ভোটের আবহে বাংলায় ফের ৬ IPS-এর বদলি, জেনেনিন নেপথ্যে রয়েছে কোন অঙ্ক?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। শনিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ জন হেভিওয়েট IPS অফিসারকে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩০ ও ৩১ জানুয়ারির পর মাত্র ১৫ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফার বড় রদবদল।

কারা এলেন, কারা সরলেন? একনজরে তালিকা:

অফিসারের নাম আগের পদ নতুন দায়িত্ব
রাজীব মিশ্র ADG ও IGP (মডার্নাইজেশন) ADG ও IGP, দক্ষিণবঙ্গ
লক্ষ্মী নারায়ণ মীনা কারা দফতর ADG ও IGP, CID
মুকেশ IGP (মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জ) IGP (IB)
সৈয়দ ওয়াকার রাজা DIG (নদিয়া ও রানাঘাট রেঞ্জ) DIG (মুর্শিদাবাদ রেঞ্জ)
কে অমরনাথ পুলিশ সুপার (কৃষ্ণনগর) পুলিশ সুপার (জলপাইগুড়ি)
ওয়াই রঘুবংশী পুলিশ সুপার (জলপাইগুড়ি) পুলিশ সুপার (কৃষ্ণনগর)

ভোটের আগে এই বদলির নেপথ্যে কী কারণ?

আসন্ন মার্চ-এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রশাসনিক সূত্রের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, স্পর্শকাতর জেলাগুলিতে অভিজ্ঞ অফিসারদের মোতায়েন করে নির্বাচনী অশান্তি রোখাই নবান্নের মূল লক্ষ্য। যদিও ভোট ঘোষণার পর নির্বাচন কমিশন ফের রদবদল করতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফ্ল্যাশব্যাক: জানুয়ারির শেষেই ২২ জন শীর্ষ IPS অফিসারের বদলি হয়েছিল। সেই তালিকায় ছিলেন অমিত পি জাভালগি, অলোক রাজোরিয়া এবং ধৃতিমান সরকারের মতো নামগুলো। ঠিক ১৫ দিনের মাথায় ফের এই রদবদল রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে।