IND vs PAK: কলম্বোর আকাশে কালো মেঘের ঘনঘটা! ভারত-পাক মহারণ কি বৃষ্টির পেটে? জানুন লেটেস্ট আপডেট

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় লড়াইয়ের আগে উত্তেজনার পারদ তুঙ্গে। রবিবার সন্ধ্যায় কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেট প্রেমীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কলম্বোর আবহাওয়া। সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘলা আকাশ থাকলেও এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তবে গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী, রোদের দেখা নেই একদমই, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে আয়োজকদের।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ থেকে ৬৫ শতাংশ। বিশেষ করে সকাল এবং দুপুরে এই সম্ভাবনা ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই কলম্বোয় এই অস্থির আবহাওয়া। তবে স্বস্তির খবর এই যে, সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমতে পারে। রাত ৯টার পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশের আশেপাশে। যদি ভারী বৃষ্টি নামেও, তবে প্রেমদাসা স্টেডিয়ামের উন্নত জলনিকাশি ব্যবস্থা এবং পুরো মাঠ ঢাকার জন্য পর্যাপ্ত কভার থাকায় খেলা দ্রুত শুরু করা সম্ভব হবে। গ্রাউন্ড স্টাফরা জানিয়েছেন, বৃষ্টি থামার মাত্র ২০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করে তোলা যাবে। কোটি কোটি ক্রিকেট ভক্ত এখন এটাই প্রার্থনা করছেন যেন মেঘ কেটে গিয়ে কলম্বোয় ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই শুরু হয়।