“৭০ শতাংশ বিশ্ববাজার এবার ভারতের দখলে!”-মেগা চুক্তি শেষে সুখবর দিলেন পীযূষ গোয়েল

বিশ্ব বাণিজ্যের আঙিনায় ভারতের জয়জয়কার। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘মাদার অব অল ডিল’ এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির রেশ কাটতে না কাটতেই এবার বড় তথ্য দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই বিশ্বের ৩৮টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করেছে। যার ফলে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ বাজার এখন ভারতের জন্য উন্মুক্ত।
কৃষক ও শ্রমজীবী মানুষের পোয়াবারো
বাণিজ্যমন্ত্রী দাবি করেন, এই চুক্তিগুলি ভারতীয় কৃষকদের জন্য আশীর্বাদ হতে চলেছে। তিনি বলেন, “৭০ শতাংশ গ্লোবাল ট্রেড ভারতের জন্য খুলে গিয়েছে। এতে আমাদের চাষিদের কোনো ক্ষতি তো হবেই না, বরং তাঁরা বিশ্ববাজারে নিজেদের ফসল পাঠানোর বিরাট সুযোগ পাবেন।” বিশেষ করে ভারতের মশলা, ফল এবং সবজির জন্য বিদেশের বাজারে ব্যাপক চাহিদা তৈরি হবে। এর ফলে দেশের অর্থনীতি মজবুত হবে এবং টাকার দাম বাড়বে।
৩৫ হাজার কোটির টেক্সটাইল বাজার
টেক্সটাইল বা বস্ত্রশিল্পের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন পীযূষ গোয়েল। তাঁর দাবি:
-
বস্ত্রশিল্পে দ্বিগুণ ব্যবসা: মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতের বস্ত্রশিল্পের জন্য ৩৫,০০০ কোটি টাকার নতুন বাজার খুলে যাচ্ছে।
-
শুল্কমুক্ত রপ্তানি: ইউরোপ, ব্রিটেন বা নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে ভারতীয় পণ্যের ওপর শুল্ক এখন শূন্য।
-
বাংলাদেশের জন্য শর্ত: বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে শূন্য ট্যারিফ সুবিধা মিলবে ঠিকই, কিন্তু তার জন্য একটি শর্ত রয়েছে— তাদের তুলা কিনতে হবে আমেরিকা থেকে।
কংগ্রেসকে তুলোধনা
বাণিজ্য চুক্তির বিরোধিতা করায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস শুধু মিথ্যে প্রচার করে ভেসে থাকতে চায়। রাহুল গান্ধীর মতো নেতারা যতই চেষ্টা করুন, ভারতের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।” তাঁর অভিযোগ, বিরোধীরা উন্নয়ন নিয়ে চিন্তিত নয়, তারা শুধু বোকাদের মতো রাজনীতি করছে।
পীযূষ গোয়েল স্পষ্ট করে দেন যে, ভারত কোনো পণ্য আমদানির ক্ষেত্রে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেয় না। ভারতের বাজারে অন্য দেশের পণ্য ঢোকার আগে দেখা হয় তাতে আমাদের কতটা লাভ। আপাতত মশলা থেকে টেক্সটাইল— সব ক্ষেত্রেই ভারতের আধিপত্য বাড়তে চলেছে বলে তিনি আশাবাদী।