দিলীপ ঘোষ কি ব্রাত্য? উদ্বোধনে গিয়েও খালি হাতে ফিরলেন ‘মেদিনীপুরের ডন’, দাঁতনের ঘটনায় শোরগোল!

বঙ্গ বিজেপির সফলতম প্রাক্তন সভাপতি এবং মেদিনীপুরের ঘরের ছেলে দিলীপ ঘোষকে নিয়ে ফের শুরু হলো রাজনৈতিক জল্পনা। দাঁতন বিধানসভা এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি, তাতে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি নিজের এলাকাতেই গুরুত্ব হারাচ্ছেন দিলীপ?
কী ঘটেছিল দাঁতনে?
শুক্রবার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায় বিজেপির দুই মণ্ডল কমিটির নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি ছিল। প্রধান অতিথি হিসেবে নির্দিষ্ট সময়েই সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ। কিন্তু উদ্বোধনের জায়গায় গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ! সেখানে কয়েকজন স্থানীয় নেতা থাকলেও, পুরো এলাকা ছিল কার্যত কর্মী-সমর্থকহীন।
উদ্বোধন না করেই ফিরলেন দিলীপ!
কর্মী-সমর্থকদের দেখা না পেয়ে শেষ পর্যন্ত কার্যালয় উদ্বোধন না করেই ফিরে যেতে হয় দিলীপ ঘোষকে। যদিও নিজের অস্বস্তি ঢাকতে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন তিনি।
দিলীপ ঘোষের বক্তব্য: “এখানে এখন চাষের কাজ চলছে, তাই অনেকে সময়মতো আসতে পারেনি। আমার অন্য একটি কর্মসূচি ছিল, তাই দ্রুত চলে যেতে হয়েছে। দলের নেতারাই পরে উদ্বোধন করে নেবেন।”
তৃণমূলের কটাক্ষ ও বিজেপির যুক্তি
এই ঘটনাকে ঘিরে বিজেপিকে বিঁধতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, আর তাই দিলীপ ঘোষের মতো নেতার অনুষ্ঠানেও ভিড় হচ্ছে না। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি— দিলীপ ঘোষের সময়ের সঙ্গে স্থানীয় প্রস্তুতির সমন্বয় করা সম্ভব হয়নি বলেই এই বিভ্রাট।
ভোটের মুখে ‘একঘরে’ হওয়ার জল্পনা?
সম্প্রতি অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের বিজেপির মূল স্রোতে সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ। দল তাঁর জন্য একগুচ্ছ কর্মসূচিও বরাদ্দ করেছে। কিন্তু তাঁর খাসতালুকে এই ‘শূন্য প্যান্ডেল’ বঙ্গ বিজেপির সংগঠনের দুর্বলতা না কি গোষ্ঠীকোন্দলের ফল, তা নিয়ে রাজনীতির অলিন্দে এখন জোর চর্চা।