PF এর UAN মনে নেই? সহজ উপায়ে জেনেনিন কিভাবে খুঁজে পাবেন নম্বর

আপনি কি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত? আপনার বেতন থেকে কি প্রতি মাসে পিএফ (PF) বাবদ টাকা কাটা হয়? তাহলে আপনার কাছে ১২ সংখ্যার UAN (Universal Account Number) থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় চাকরি পরিবর্তন করলে বা দীর্ঘদিন লগ-ইন না করলে আমরা এই গুরুত্বপূর্ণ নম্বরটি ভুলে যাই। যার ফলে পিএফ ব্যালেন্স চেক করা বা টাকা তোলার সময় সমস্যায় পড়তে হয়। তবে চিন্তা নেই, ইপিএফও (EPFO) এখন এই নম্বর পুনরুদ্ধারের প্রক্রিয়া অত্যন্ত সহজ করে দিয়েছে।
অনলাইনে কীভাবে খুঁজে পাবেন UAN? আপনার কাছে ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে ঘরে বসেই নিচের ধাপগুলো অনুসরণ করে নম্বরটি পেতে পারেন:
১. প্রথমে EPFO-এর অফিসিয়াল Unified Member Portal-এ যান। ২. পেজের ডানদিকে থাকা ‘Important Links’ বিভাগে গিয়ে “Know Your UAN” অপশনে ক্লিক করুন। ৩. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি দিয়ে ‘Request OTP’-তে ক্লিক করুন। ৪. মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে ভেরিফাই করার পর আপনার নাম, জন্ম তারিখ এবং আধার বা প্যান নম্বর লিখুন। ৫. সব তথ্য সঠিক থাকলে “Show My UAN” বাটনে ক্লিক করলেই আপনার ১২ সংখ্যার নম্বরটি স্ক্রিনে ভেসে উঠবে।
ইন্টারনেট নেই? SMS-এই কেল্লাফতে! যদি আপনার কাছে ইন্টারনেট সংযোগ না থাকে, তবে সাধারণ এসএমএস-এর মাধ্যমেই এই তথ্য পাওয়া সম্ভব।
-
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে টাইপ করুন: EPFOHO UAN ENG।
-
পাঠিয়ে দিন ৭৭৩৮২৯৯৮৯৯ (7738299899) নম্বরে।
-
কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজে আপনার UAN সংক্রান্ত সব তথ্য পৌঁছে যাবে।
ডিজিটাল হচ্ছে পরিষেবা: গত কয়েক বছরে কর্মসংস্থান ভবিষ্যৎ নিধি সংস্থা (EPFO) তাদের প্রায় সব পরিষেবাই ডিজিটাল করে ফেলেছে। এখন আর পিএফ-এর কাজের জন্য দপ্তরে লাইন দেওয়ার প্রয়োজন নেই। UAN-এর সাহায্যে কর্মীরা ঘরে বসেই নিজেদের জমানো টাকার পরিমাণ দেখতে পারেন এবং প্রয়োজনে অনলাইনেই ক্লেম জমা দিতে পারেন। এতে যেমন সময় বাঁচছে, তেমনই স্বচ্ছতাও বাড়ছে।