‘রোজ ডে’ পালনে রোমান্স নয়, জুটল হাজতবাস! স্বামীর হাতে মদের বোতল দিয়ে চরম বিপাকে বিহারের ইনফ্লুয়েন্সার

ভালোবাসা দিবসের সপ্তাহে স্বামীকে একটু ভিন্ন স্বাদে চমকে দিতে চেয়েছিলেন বিহারের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাঞ্চন দেবী। কিন্তু সেই ‘চমক’ যে খোদ পুলিশের নজর কেড়ে নেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মদ্যপানের ভিডিও ভাইরাল হতেই কাঞ্চন দেবী এবং তাঁর স্বামীর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর (FIR)।

ঘটনাটি কী? গল্পের শুরু গত ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’-র দিন। মুঙ্গেরে নিজের বাড়িতে স্বামীর সঙ্গে একটি রোমান্টিক ভিডিও রেকর্ড করেন কাঞ্চন দেবী। ভিডিওতে দেখা যায়, তিনি তাঁর স্বামীকে একটি লাল গোলাপ উপহার দিচ্ছেন এবং উপহার হিসেবে একটি মদের বোতল ও গ্লাস এগিয়ে দিচ্ছেন। বিহারের মতো রাজ্যে যেখানে মদ সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে প্রায় ৩ লক্ষ ফলোয়ারের সামনে এমন ভিডিও পোস্ট করতেই তা আগুনের মতো ছড়িয়ে পড়ে।

পিস্তল হাতে পোজ ও পুলিশের অভিযান: বিপত্তি আরও বাড়ে যখন কাঞ্চন দেবীর আরেকটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, একটি বিউটি পার্লারের ভেতর তিনি একটি পিস্তল হাতে পোজ দিচ্ছেন। মুঙ্গেরের পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) সৈয়দ ইমরান মাসুদ জানান, এই ছবি ও ভিডিও নজরে আসতেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয় এবং মহিলার বাড়িতে অভিযান চালানো হয়।

আইনি প্যাঁচে অস্ত্র মালিকও: তদন্তে জানা গিয়েছে, ছবিতে থাকা পিস্তলটি দীনদয়াল চকের বাসিন্দা বিশাল কুমারের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র। লাইসেন্স থাকলেও নিয়ম অনুযায়ী কোনো অননুমোদিত ব্যক্তিকে অস্ত্র দিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন ছবি তুলতে দেওয়া দণ্ডনীয় অপরাধ। ফলে পুলিশ কাঞ্চন দেবী, তাঁর স্বামী এবং অস্ত্র মালিক বিশাল— এই তিনজনের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে।

মুঙ্গের এসপি-র সাফ কথা, “জনসমক্ষে নিষিদ্ধ দ্রব্য (মদ) প্রচার এবং মরণাস্ত্র প্রদর্শন গুরুতর অপরাধ।” আপাতত রোমান্টিক ‘রোজ ডে’ উদযাপন বদলে গিয়েছে আইনি লড়াইয়ে।