ডানকুনি থেকে সুরাত মাত্র কয়েক ঘণ্টায়! রেলের মেগা করিডোর নিয়ে বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের অন্যতম বড় ঘোষণা বাস্তবায়নে এবার কোমর বেঁধে নামল ভারতীয় রেল। পশ্চিমবঙ্গ থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত ডানকুনি-সুরাত ডেডিকেটেড ফ্রেইট করিডোর (DFC) নির্মাণের কাজ দ্রুত শুরু করার কড়া নির্দেশ দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই করিডোর চালু হলে পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে পণ্য পরিবহনের সংজ্ঞাই বদলে যাবে বলে মনে করা হচ্ছে।
একনজরে মেগা প্রজেক্ট: প্রায় ২,১০০ কিলোমিটার দীর্ঘ এই পণ্যবাহী করিডোরটি পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্র হয়ে গুজরাটের সুরাটে গিয়ে মিশবে। এর ফলে পণ্যবাহী ট্রেনের গতি যেমন বাড়বে, তেমনই বর্তমান রেলপথে সাধারণ ট্রেনের যানজট অনেকটাই কমবে।
থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: রেলওয়ে বোর্ড সূত্রে খবর, এই করিডোরটি হবে অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া।
-
জিরো লেভেল ক্রসিং: পুরো রুটে কোনো লেভেল ক্রসিং থাকবে না, ফলে দুর্ঘটনার ঝুঁকি শূন্য।
-
কবচ সিস্টেম: ট্রেনের সুরক্ষা নিশ্চিত করতে বসানো হচ্ছে উন্নত ‘কবচ’ সিগন্যালিং সিস্টেম।
-
হাই-পাওয়ার ইলেকট্রিফিকেশন: উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিদ্যুতায়ন ব্যবস্থার মাধ্যমে দ্রুত পণ্য চলাচল নিশ্চিত করা হবে।
কড়া নজরে রেলমন্ত্রী: প্রকল্পের বিলম্ব এড়াতে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট (DPR) দ্রুত আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলমন্ত্রী কর্মকর্তাদের স্পষ্ট জানিয়েছেন, প্রকল্পটিকে কয়েকটি ছোট এলাকায় ভাগ করে কাজ শুরু করতে হবে যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্মাণ শেষ হয়। রেলওয়ে বোর্ডকে প্রতি সপ্তাহে কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।
এই করিডোরটি ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য এবং লজিস্টিক সেক্টরে এক বিপ্লব আনবে বলে আশাবাদী কেন্দ্র। বিশেষ করে পশ্চিমবঙ্গের ডানকুনি শিল্পাঞ্চলের জন্য এটি বড়সড় অর্থনৈতিক জোয়ার নিয়ে আসতে পারে।