মহাকাশে মিলল ‘দ্বিতীয় পৃথিবী’! সূর্যের মতোই নক্ষত্রকে প্রদক্ষিণ করছে রহস্যময় এই গ্রহ, দিন হয় ৩৫৫ দিনে

অনন্ত মহাকাশে কি তবে সন্ধান মিলল মানুষের বিকল্প বাসস্থানের? সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীদের একটি আবিষ্কার ঘিরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পৃথিবী থেকে মাত্র ১৫০ আলোকবর্ষ দূরে বিজ্ঞানীরা এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন, যার সঙ্গে আমাদের নীল গ্রহের রয়েছে অদ্ভুত সব মিল। বিজ্ঞানীরা এই নতুন গ্রহের নাম দিয়েছেন HD-137010B

কেন একে ‘দ্বিতীয় পৃথিবী’ বলা হচ্ছে? বিজ্ঞানীদের দাবি, এই গ্রহটি অবিকল পৃথিবীর মতো। এর কক্ষপথের সঙ্গে পৃথিবীর কক্ষপথের মিল প্রায় ৫১ শতাংশ। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন, আর এই নতুন গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে ৩৫৫ দিনে— অর্থাৎ আমাদের চেয়ে মাত্র ১০ দিন কম!

বাসযোগ্য হওয়ার জোরালো সম্ভাবনা: বিজ্ঞানীরা জানাচ্ছেন, নতুন এই গ্রহটি তার নক্ষত্র থেকে ঠিক ততটাই দূরে অবস্থিত, যতটা দূরে থাকলে প্রাণ ধারণের অনুকূল পরিবেশ তৈরি হয়। গ্রহটির আকার পৃথিবীর তুলনায় মাত্র ১.২ গুণ বড়। যদিও গ্রহটি কিছুটা শীতল, তবে এর নক্ষত্রটির আয়ু সূর্যের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা থাকায়, এখানে প্রাণের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

নক্ষত্রটি কেমন? এই গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, তার নাম HD-137010। এটি একটি বামন নক্ষত্র যার ভর সূর্যের ভরের প্রায় ৭০ শতাংশ। নক্ষত্রটির তেজ সূর্যের চেয়ে কম হওয়ায় গ্রহটির অকালমৃত্যুর বা পুড়ে যাওয়ার ভয় নেই বললেই চলে।

ভবিষ্যতে এই উজ্জ্বল গ্রহটি নিয়ে আরও গভীর পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন গবেষকরা। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই আবিষ্কার এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।