‘তারেক ভাই, অভিনন্দন…’ বাংলাদেশের জয়ের পর খালেদা-পুত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন বার্তা!

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২০ বছর পর বিপুল জয় হাসিল করেছে বিএনপি (BNP)। দীর্ঘ প্রবাস জীবন ও লড়াই শেষে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে ‘ধানের শিষের’ এই পুনরুত্থানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্য বার্তার পর এবার ওপার বাংলার হবু প্রধানমন্ত্রীকে ‘তারেক ভাই’ সম্বোধন করে আন্তরিক শুভেচ্ছা জানালেন এপার বাংলার ‘দিদি’।

সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এই বিরাট জয়ের জন্য তারেক ভাই, তাঁর দল এবং অন্যান্য দলকে আমার অভিনন্দন। বাংলাদেশের সঙ্গে আমাদের সব সময় সুসম্পর্ক বজায় থাকবে—এই কামনা করি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে দীর্ঘ অস্থিরতার পর স্থিতিশীলতা ফেরার যে আশা ভারত করছে, মমতার বার্তায় সেই একই সুর ধ্বনিত হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক সাফল্য নয়, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য শুভকামনা জানিয়ে মুখ্যমন্ত্রী যোগ করেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে ও জনগণকে জানাই আমার শুভনন্দন এবং আগাম রমজান মোবারক।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওপার বাংলায় এক অস্থির পরিবেশ বিরাজ করছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন অধ্যায় শুরু হলো, সেখানে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোয় সেদিকেই নজর কূটনৈতিক মহলের। তারেক রহমানের জয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোনে কথা বলে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। মমতার এই ‘সৌজন্য বার্তা’ দুই বাংলার মানুষের আবেগ ও সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।