তারেক রহমানকে মোদির ‘মাস্টারস্ট্রোক’ ফোন! বাংলায় শুভেচ্ছার পর এবার সরাসরি কথা, দিল্লির নয়া কৌশল?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল জয়ের পর ঢাকা-দিল্লি সম্পর্কের সমীকরণে বড়সড় বদল লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সকালে এক্স (টুইটার) হ্যান্ডলে বাংলায় পোস্ট করে শুভেচ্ছা জানানোর পর, দুপুরে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সৌজন্য ফোনালাপকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী মোদি নিজেই সমাজমাধ্যমে এই কথোপকথনের কথা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে এই অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই।” ফোনালাপে মোদি আশাপ্রকাশ করেছেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। একইসঙ্গে খালেদা-পুত্রকে আগামী দিনে ভারত সরকারের পক্ষ থেকে সবরকম সমর্থনের বার্তাও দিয়েছেন তিনি।

সকাল থেকেই মোদির একের পর এক ইতিবাচক পদক্ষেপ বিশেষ নজর কেড়েছে। সকালে বাংলায় করা পোস্টে তিনি লিখেছিলেন, “এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখেন।” ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, একটি গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশের পাশে ভারত সবসময় আছে। দুই দেশের পারস্পরিক স্বার্থরক্ষায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোদি। রাজনৈতিক মহলের মতে, বাংলাদেশে ক্ষমতার এই পটপরিবর্তনের পর নয়া সরকারের সঙ্গে দ্রুত সুসম্পর্ক গড়ে তুলে ভারত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে।