সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢাকল আকাশ, লিফটে আটকে প্রাণান্তকর অবস্থা তথ্যপ্রযুক্তি কর্মীর

কলকাতার আইটি হাব সল্টলেক সেক্টর ফাইভে শুক্রবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্লোবসাইন ক্রিস্টাল নামক একটি বহুতলে আচমকা আগুন লাগায় ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বহুতলের নিচে অবস্থিত একটি বার-কাম-রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

অগ্নিকাণ্ডের সময় বহুতলটির ভেতরে কয়েকশ তথ্যপ্রযুক্তি কর্মী কাজ করছিলেন। আগুন লাগার খবর চাউর হতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বিল্ডিং জুড়ে। কর্মীরা জীবন বাঁচাতে নিচে নামার চেষ্টা করেন। তবে ধোঁয়ার দাপটে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। জানা গিয়েছে, হুড়োহুড়ির মধ্যে লিফটে আটকে পড়ে এক মহিলা আইটি কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দমকল ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিল্ডিংয়ের ভেতরে পকেট ফায়ার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সল্টলেকের এই বহুতলে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকদের মতে, শর্ট সার্কিট অথবা রেস্তোরাঁর রান্নাঘর থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে মাস খানেক আগেই আনন্দপুরের একটি মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ক্ষত এখনও দগদগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেক্টর ফাইভের এই দুর্ঘটনা শহরের বহুতলগুলোর অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। বর্তমানে বিল্ডিংটি খালি করে দেওয়া হয়েছে এবং কুলিং প্রসেস চলছে।