ভোটের আগে মেদিনীপুরে বিজেপির রক্তক্ষরণ! অশোক দিন্দাকে তুলাধোনা করে তৃণমূলে হেভিওয়েট নেতা

বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই সরগরম রাজনীতি। আবারও বড়সড় ভাঙন দেখা দিল ভারতীয় জনতা পার্টিতে। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডল। পূর্ব মেদিনীপুরের ময়নায় নির্বাচনের আগে এই দলবদল বিজেপির জন্য এক বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূলে যোগ দিয়েই ময়নার বর্তমান বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দন মণ্ডল। তিনি দাবি করেন, বিধায়ক হিসেবে অশোক দিন্দা চরম ব্যর্থ। ময়নার অর্থনীতি মাছ চাষের ওপর নির্ভরশীল হলেও, গত কয়েক বছরে মাছ চাষি বা এলাকার সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। চন্দনের অভিযোগ, রূপনারায়ণ নদী থেকে চাষের জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা করা বা বর্ষাকালে নিচু এলাকাগুলির জলমগ্ন হওয়ার সমস্যা সমাধানে দিন্দা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেননি।
বিজেপি ত্যাগের পর চন্দন মণ্ডলের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “আমি জানি না আমি কীভাবে বিজেপি নেতা হয়েছিলাম! মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই আমি ঘরে ফিরেছি।” তিনি আরও যোগ করেন যে, এটি কেবল রাজনৈতিক নয়, বরং একটি নৈতিক সিদ্ধান্ত। ময়নার মানুষের জন্য এমন কাজ করতে চান যাতে মৃত্যুর পরেও মানুষ তাঁকে মনে রাখে। তৃণমূল নেতৃত্ব তাঁকে এলাকার পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এই দলবদল কেবল ময়না নয়, সংলগ্ন কেন্দ্রগুলিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।