ইতিহাসের পুনরাবৃত্তি! ১৯ বছর আগের সেই ম্যাজিক কি ফিরছে? জিম্বাবুয়ের জয়েই লুকানো ভারতের বিশ্বজয়ের সংকেত!

ক্রিকেট বিশ্ব আজ এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল। কলম্বোর মাঠে ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক বিশাল অঘটন ঘটিয়ে দিল জিম্বাবুয়ে। কিন্তু এই জয়ের পর ক্রিকেট প্রেমীদের মাঝে সবচেয়ে বড় গুঞ্জন শুরু হয়েছে টিম ইন্ডিয়াকে নিয়ে। পরিসংখ্যান বলছে, ১৯ বছর আগের এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা আবারও ফিরে এসেছে, যা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে এক অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী বছরে জিম্বাবুয়ে ঠিক একইভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল। প্রসপার উতসেয়ার নেতৃত্বে সেই জয় ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। কাকতালীয়ভাবে, সেই বছরই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। ২০২৬ সালেও ঠিক ১৯ বছর পর জিম্বাবুয়ে আবারও বিশ্বকাপে ক্যাঙ্গারু বাহিনীকে পর্যুদস্ত করল। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রেন্ড—”জিম্বাবুয়ে যখনই অজিদের হারায়, ভারত তখনই বিশ্বজয়ী হয়!”

ম্যাচের কথায় ফিরলে দেখা যায়, টস জিতে অস্ট্রেলিয়া বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও জিম্বাবুয়ে ২০ ওভারে লড়াকু ১৬৯ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডহীন অস্ট্রেলিয়া মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যায়। ১৯.৩ ওভারে তাদের ইনিংস থামিয়ে দিয়ে জিম্বাবুয়ে ২৩ রানে জয় ছিনিয়ে নেয়। এই পরাজয়ের পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা এখন খাদের কিনারায়। যদি তারা শ্রীলঙ্কা বা ওমানের কাছে হেরে যায়, তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে প্রাক্তন চ্যাম্পিয়নদের। অন্যদিকে, এই ‘জিম্বাবুয়ে-ফ্যাক্টর’ কি ভারতকে ফের বিশ্ব চ্যাম্পিয়ন করবে? উত্তরটা সময়ের হাতে থাকলেও, ইতিহাস কিন্তু ভারতের দিকেই ইঙ্গিত দিচ্ছে।