বন্দে ভারত স্লিপারে বড় বদল! জরুরি প্রয়োজনে মিলবে টিকিট, জেনে নিন রেলের নতুন নিয়ম

ভারতীয় রেলের মুকুটে নয়া পালক বন্দে ভারত স্লিপার কোচ। যাত্রী পরিষেবাকে আরও উন্নত করতে এবার হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে বড়সড় বদল আনল রেল কর্তৃপক্ষ। এতদিন এই প্রিমিয়াম ট্রেনে কোনও বিশেষ কোটা বা আরএসি (RAC)-র সুবিধা ছিল না। ফলে শেষ মুহূর্তে যাঁদের জরুরি ভিত্তিতে যাতায়াত করতে হতো, তাঁদের পড়তে হতো চরম ভোগান্তিতে। যাত্রীদের সেই সমস্যা মেটাতেই এবার ‘ইমার্জেন্সি কোটা’ (Emergency Quota) চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
রেল সূত্রে খবর, এখন থেকে আপ এবং ডাউন—উভয় পথেই জরুরি প্রয়োজনে যাত্রীরা এই কোটা ব্যবহার করে টিকিট বুক করতে পারবেন। তবে এই ইমার্জেন্সি কোটার টিকিটের সংখ্যা সপ্তাহের সাধারণ দিন এবং সপ্তাহান্তে (শনি ও রবিবার) আলাদা হবে। এক নজরে দেখে নিন কোন শ্রেণিতে কতগুলি আসন সংরক্ষিত থাকছে:
প্রথম শ্রেণির এসি (1st Class AC): কাজের দিনগুলিতে (সোম থেকে শুক্র) এই কোটায় ৪টি আসন বরাদ্দ থাকবে। তবে সপ্তাহান্তে যাত্রীচাপ বেশি থাকায় শনিবার ও রবিবার এই সংখ্যা বাড়িয়ে ৬টি করা হয়েছে।
দ্বিতীয় শ্রেণির এসি (2nd Class AC): ২ টায়ার এসিতে সপ্তাহের কাজের দিনগুলিতে ইমার্জেন্সি কোটায় পাওয়া যাবে ১০টি আসন। সপ্তাহান্তে তা বেড়ে দাঁড়াবে ১৪টিতে।
তৃতীয় শ্রেণির এসি (3rd Class AC): সবচেয়ে বেশি আসন রাখা হয়েছে থ্রি-টিয়ার এসিতে। সাধারণ দিনে ১৮টি এবং শনি-রবিবার ২৪টি আসন জরুরি ভিত্তিতে বুক করা যাবে।
রেল আধিকারিকদের মতে, মূলত ভিআইপি, অসুস্থ রোগী বা অত্যন্ত জরুরি প্রশাসনিক কাজে যাতায়াতকারীদের সুবিধার্থেই এই কোটা কার্যকর করা হচ্ছে। এতদিন হাওড়া-কামাখ্যা রুটে বন্দে ভারত স্লিপারে কোনও ওয়েটিং লিস্ট বা আরএসি ব্যবস্থা না থাকায় অনেক আসন ফাঁকা থাকলেও সাধারণ মানুষ শেষ মুহূর্তে তা পেতেন না। নতুন এই নিয়মে সেই জটিলতা অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।