শপিং মলে নম্বর চাওয়ার দিন শেষ! বিল মেটাতে ফোন নম্বর দেওয়া আর বাধ্যতামূলক নয়, কড়া বার্তা কেন্দ্রের

শপিং মল বা বড় রিটেল স্টোরে কেনাকাটা করতে গেলে বিল কাউন্টারে ফোন নম্বর চাওয়া এখন এক প্রকার রেওয়াজে পরিণত হয়েছে। তবে এবার এই প্রথার রাশ টানল কেন্দ্রীয় সরকার। লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে, বিল তৈরির সময় বা কোনো মলে প্রবেশের সময় ক্রেতাদের মোবাইল নম্বর দিতে বাধ্য করা যাবে না। এটি সম্পূর্ণভাবে ক্রেতার মর্জির ওপর নির্ভর করবে।
সংসদে কেন্দ্রের জবাব: সম্প্রতি লোকসভার সাংসদ জনার্দন সিংহ সিগরিওয়াল এই বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চান। তার উত্তরে যোগাযোগ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর জানান, ক্রেতাসুরক্ষা বিভাগ ইতিমধ্যেই ২০২৩ সালের ২৬ মে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কোনো পণ্য বিক্রি বা পরিষেবা দেওয়ার সময় মোবাইল নম্বর সংগ্রহ করাকে ‘বাধ্যতামূলক শর্ত’ হিসেবে রাখা যাবে না।
ব্যক্তিগত তথ্য ও আইনি সুরক্ষা: কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট’ এবং ২০২৫ সালের নতুন নিয়মানুযায়ী কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য গোপন রাখা তাঁর মৌলিক অধিকার। অনেক ক্ষেত্রেই দেখা যায়, শপিং মলগুলি ক্রেতার মোবাইল নম্বর সংগ্রহ করে তা মার্কেটিং বা প্রমোশনমূলক মেসেজ পাঠানোর কাজে ব্যবহার করে। বিনা সম্মতিতে এই ধরণের তথ্য সংগ্রহ করা এখন থেকে বেআইনি বলে গণ্য হবে।
ক্রেতাদের অধিকার: কেন্দ্র জানিয়েছে, শপিং মল কর্তৃপক্ষ যদি মোবাইল নম্বর ছাড়া বিল তৈরি করতে অস্বীকার করে, তবে ক্রেতারা সরাসরি ক্রেতাসুরক্ষা দপ্তরে অভিযোগ জানাতে পারেন। যদিও গত তিন বছরে মোবাইল নম্বরের অপব্যবহার নিয়ে বড় কোনো অভিযোগ জমা পড়েনি, তাও ক্রেতাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এখন থেকে আপনি চাইলে ফোন নম্বর ছাড়াই অনায়াসে শপিং মল থেকে আপনার পছন্দের সামগ্রী কিনে বিল পেমেন্ট করতে পারবেন।