পুণেতে পুরুলিয়ার যুবককে পিটিয়ে খুন! “শিকড়ের জন্য ঘৃণা”, মহারাষ্ট্রের ঘটনায় গর্জে উঠলেন মমতা

মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার চব্বিশ বছর বয়সি পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে পিটিয়ে খুনের অভিযোগে রণচণ্ডী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি একে “চরম ঘৃণ্য অপরাধ” বলে অভিহিত করেছেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কেবল ভাষা এবং পরিচয়ের কারণে একজন যুবককে এভাবে প্রাণ দিতে হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ঘৃণার রাজনীতির বলি সুখেন: সুখেন মাহাতোর মৃত্যুতে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। এটি একটি পরিবেশের প্রত্যক্ষ নজির যেখানে ভিনরাজ্যের মানুষের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।” তিনি সরাসরি অভিযোগ করেন যে, সুখেনের ভাষা ও শিকড়ই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরিবারকে বড় আশ্বাস: মৃত সুখেনের বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডিতে। বুধবার পুণের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে। এই কঠিন সময়ে সুখেনের দাদা তুলসীরাম মাহাতোর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, বাংলা তাঁর পরিবারের পাশে আছে এবং ন্যায়বিচার সুনিশ্চিত করতে রাজ্য সরকার সবরকম প্রচেষ্টা চালাবে।