বিয়েবাড়ি বা রেস্তোরাঁ নয়, বাড়িতেই বানান কড়াই চিকেন—রইল সহজ পদ্ধতি ও সিক্রেট মশলার হদিস

বাঙালি ভোজনরসিক হিসেবে পরিচিত, আর পাতে যদি থাকে মুরগির মাংস, তবে তো কথাই নেই! রবিবার হোক বা ছুটির দিন, চিকেনের ঝোল আমাদের চিরপরিচিত। তবে মাঝে মাঝে স্বাদের বদল ঘটাতে মন চায় অন্য কিছু। উত্তর ভারতের বিখ্যাত ‘কড়াই চিকেন’ (Karahi Chicken) ঠিক এমনই একটি পদ, যা রুটি, পরোটা বা রুমালি রুটির সঙ্গে অমৃত লাগে। অনেকেই ভাবেন রেস্তোরাঁর মতো স্বাদ বাড়িতে আনা অসম্ভব, কিন্তু সঠিক পদ্ধতিতে রাঁধলে এই উত্তর ভারতীয় স্বাদ আপনি অনায়াসেই ঘরে বসে উপভোগ করতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ: এই পদের জন্য আপনার লাগবে ৫০০ গ্রাম চিকেন, আধ কাপ পিঁয়াজ কুচি, ৫টি বড় টমেটো (চার টুকরো করা), ২ চামচ টক দই, আদা বাটা, ৩-৪টি কাঁচালঙ্কা, গরম মশলা, ধনে ও জিরে গুঁড়ো, সামান্য কসুরি মেথি এবং ফ্রেশ ধনেপাতা কুচি। রান্নার জন্য পরিমাণমতো তেল ও নুন-চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে মাংসের টুকরোগুলি কড়া আঁচে হালকা বাদামি করে ভেজে তুলে নিন। এবার ওই তেলেই গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভাজুন। এরপর আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে ভাজা মাংসগুলো দিয়ে দিন। এবার এতে কাটা টমেটো, নুন ও চিনি দিয়ে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না টমেটো নরম হচ্ছে।

পরের ধাপে ধনে ও জিরে গুঁড়ো, গরম মশলা এবং কসুরি মেথি দিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষান। আঁচ কমিয়ে ফেটানো টক দই মিশিয়ে নিন। শেষে চেরা কাঁচালঙ্কা এবং প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে ৫-৬ মিনিট ঢাকা দিয়ে দমে রাখুন। ব্যাস, তৈরি জিভে জল আনা কড়াই চিকেন!