৩৭ বছর পর বার্থ সার্টিফিকেট! দেবী শেঠির ছেলের জন্য নজিরবিহীন পদক্ষেপ কলকাতা পুরসভার!

নির্বাচনী দামামার মাঝেই কলকাতা পুরসভায় (KMC) এক বিরল ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি ও তাঁর পুত্রের জন্য দীর্ঘ ৩৭ বছর পর জন্মশংসাপত্র ইস্যু করতে চলেছে পুর প্রশাসন। বর্তমানে দেবী শেঠির পুত্র আমেরিকায় বসবাস করছেন এবং সেখানেই তাঁর এই জরুরি নথির প্রয়োজন পড়ায় তড়িঘড়ি আবেদন জানানো হয়।

পুরসভা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কলকাতা পুরসভার চিফ মেডিকেল অফিসার অফ হেলথের কাছে একটি লিখিত আবেদন পাঠান দেবী শেঠি। সেখানে তিনি জানান, ১৯৮৯ সালে তাঁর স্ত্রী শকুন্তলা শেঠি চিকিৎসক উৎপল রায়ের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু সেই সময় কোনো কারণে জন্ম নিবন্ধীকরণ বা বার্থ সার্টিফিকেট নেওয়া হয়নি। আবেদনের সাথে তিনি নিজের, স্ত্রীর এবং পুত্রের যাবতীয় সরকারি নথিপত্র ও তথ্যাদি সংযুক্ত করেছেন।

সাধারণ নিয়ম অনুযায়ী, বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম নিলে হাসপাতাল কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট ফর্মের মাধ্যমে পুরসভাকে জানায় এবং পরে সার্টিফিকেট ইস্যু হয়। কিন্তু এই ক্ষেত্রে প্রায় চার দশক আগে সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে পুরসভা। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই শেঠি পরিবারের হাতে এই বহু প্রতীক্ষিত জন্মশংসাপত্র তুলে দেওয়া হবে।

অন্যদিকে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এসআইআর (SIR) প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। যদিও ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। হাতেগোনা কয়েকটি জেলা ছাড়া রাজ্যের প্রায় সর্বত্রই এখন শুনানির কাজ অন্তিম পর্যায়ে।