সংসদে দাঁড়িয়ে অভিষেককে ‘বেওকুফ’ কটাক্ষ নির্মলার! ‘এত মিথ্যা কেউ বলে?’ অর্থমন্ত্রীর রুদ্রমূর্তিতে তোলপাড় দিল্লি

সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর অভিযোগ, অভিষেক তাঁর বক্তব্যে সংসদের সদস্যদের ‘বেওকুফ’ বানাচ্ছেন। কার্যত নাটুকে ভঙ্গিতে অঙ্গভঙ্গি করে নির্মলা বলেন, “হে ভগবান! কেউ এত মিথ্যা কথা কী করে বলতে পারে!”
বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে নির্মলা সরাসরি দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীর নির্যাতনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি কটাক্ষ করে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও বলেন মহিলাদের রাতে বেরোনো ঠিক নয়। আবার তৃণমূলের এক সাংসদ বলেন বন্ধু ধর্ষণ করলে তাঁদের কী করার আছে!”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘ধর্ষণ বিরোধী আইন’ নিয়ে অর্থমন্ত্রীর তোপ— “শুধু আইন দিয়ে কি সব হয়? রাজ্যে যখন একের পর এক বোমা ফেটে শিশু মরছে এবং তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন, তখন বোঝা যায় বাংলায় আইনের শাসন নয়, বোমার শাসন চলে।” NCRB-র তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, ক্রাইম রেটে ৩৬টি রাজ্যের মধ্যে ৩৫ নম্বরে থাকা বাংলা কীভাবে কেন্দ্রীয় সরকারকে নীতি শিক্ষা দেয়? নির্মলার এই মন্তব্যে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে সংসদ কক্ষ।