বিরাটের রাজত্বে হানা দিতে প্রস্তুত সূর্য! নামিবিয়ার বিরুদ্ধে নয়া ইতিহাস গড়ার মুখে ভারত অধিনায়ক

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করে জয় ছিনিয়ে এনেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে একার কাঁধে টেনে নিয়ে যান ‘স্কাই’। তাঁর অপরাজিত ৮৪ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান তোলে টিম ইন্ডিয়া। বোলারদের দাপটে ২৯ রানে ম্যাচ জেতে ভারত। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচ। আজ, ১২ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। আর এই ম্যাচেই বিরাট কোহলির এক অনন্য রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে সূর্যকুমার।
বিরাটকে টপকে যাওয়ার সুযোগ: বর্তমানে ভারতের মাটিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবথেকে বেশিবার ৫০ বা তার বেশি রান করার তালিকায় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। দু’জনেরই ঝুলিতে রয়েছে ১৪টি করে এমন ইনিংস। আজ নামিবিয়ার বিরুদ্ধে সূর্য যদি আরও একটি অর্ধশতরান হাঁকাতে পারেন, তবে তিনি কিং কোহলিকে টপকে এককভাবে এই তালিকার এক নম্বরে উঠে আসবেন। কে এল রাহুল ১২টি এবং রোহিত শর্মা ১০টি এমন ইনিংস নিয়ে এই দৌড়ে পিছিয়ে রয়েছেন।
ঘরের মাঠে সূর্যের তেজ: পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে সূর্যকুমার যাদব অপ্রতিরোধ্য। এখনও পর্যন্ত ভারতের মাটিতে ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৩টি ইনিংসে ব্যাটিং করে ৩৯ গড়ে ১৪০৪ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ১৩টি অর্ধশতরান ও ১টি শতরান। ১৭০-এর ওপর স্ট্রাইক রেট বজায় রেখে ৮৬টি ছক্কা ও ১২৬টি চার মেরেছেন তিনি। দিল্লির পাটা উইকেটে সূর্যের ব্যাট ফের জ্বলে উঠবে কি না, তা দেখতেই মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।