হাগ ডে ২০২৬: কয়েক সেকেন্ডের একটা আলিঙ্গন বদলে দিতে পারে জীবন! জানুন এর ম্যাজিকাল গুণ

প্রেমের মরসুম এখন তুঙ্গে। কালকের বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে-র ঠিক আগে আজ পালিত হচ্ছে ‘হাগ ডে’ বা আলিঙ্গন দিবস। দামী হিরে বা গোলাপের চেয়েও আজকের দিনে সবথেকে বড় উপহার হলো প্রিয় মানুষের বুকের ওম। মান-অভিমান ভুলে একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরাই আজকের দিনের সার্থকতা।

বিশেষজ্ঞরা বলছেন, আলিঙ্গন কেবল আবেগ নয়, এটি একটি শক্তিশালী ‘থেরাপি’। প্রিয়জনকে জড়িয়ে ধরলে আমাদের শরীরে ‘অক্সিটোসিন’ বা লাভ হরমোন নিঃসৃত হয়, যা নিমেষে মানসিক চাপ ও রক্তচাপ কমিয়ে দেয়। সম্পর্কের গভীরতা অনুযায়ী আলিঙ্গনের ধরণও বদলে যায়। পিছন থেকে জড়িয়ে ধরা বা ‘ব্যাক হাগ’ যেখানে সুরক্ষার প্রতীক, সেখানে ‘বিয়ার হাগ’ সম্পর্কের দৃঢ়তা বোঝায়।

সোশ্যাল মিডিয়ার এই কৃত্রিম যুগে কয়েক সেকেন্ডের নিস্তব্ধ আলিঙ্গনই যেন সম্পর্কের সবথেকে বড় প্রাপ্তি। তাই আজকের দিনে দ্বিধা কাটিয়ে প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে জানুন এক অনাবিল শান্তি।