অসাধ্য সাধন অভিষেকের! ক্যানসার আক্রান্ত আত্মীয়ের সেবায় গিয়ে পরীক্ষা অনিশ্চিত, ত্রাতা হয়ে দাঁড়ালেন সাংসদ

মানবিকতার এক অনন্য নজির দেখালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যানসার আক্রান্ত মাসির চিকিৎসার জন্য ভিনরাজ্যে গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে পারেননি নেতড়া হাইস্কুলের ছাত্রী আফ্রিদা খাতুন। ফলে অ্যাডমিট কার্ড না পেয়ে যখন চোখের জলে ভাসছিলেন ওই ছাত্রী, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন অভিষেক।
আফ্রিদার বাবা নেই, মা পরের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। পারিবারিক বিপদে মুম্বই যাওয়ায় স্কুলে উপস্থিত থাকতে পারেননি তিনি। মঙ্গলবার রাতে বাড়ি ফিরে বুধবার স্কুলে গিয়ে জানতে পারেন, রেজিস্ট্রেশন না হওয়ায় এবার তাঁর পরীক্ষা দেওয়া হবে না। বিষয়টি স্থানীয় পর্যবেক্ষক শামিম আহমেদের মাধ্যমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছায়।
জানা গিয়েছে, অভিষেক তৎক্ষণাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাংসদের তৎপরতায় সন্ধ্যার মধ্যেই হাতে অ্যাডমিট কার্ড পান আফ্রিদা। শুক্রবার থেকে শুরু হতে চলা পরীক্ষায় বসার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত ওই পরীক্ষার্থী। তিনি ও তাঁর পরিবার সাংসদ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।