মার্কিন মুলুকে ভারতের জয়জয়কার! বাণিজ্য চুক্তির পর ৯০ বিলিয়ন ডলার ছাড়াবে ভারতের ‘ট্রেড সারপ্লাস’

আমেরিকার সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি (Indo-US Trade Deal) দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) রিসার্চ রিপোর্টের দাবি অনুযায়ী, এই চুক্তির ফলে আমেরিকার সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত বা ‘ট্রেড সারপ্লাস’ ৯০ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। ভারতের জিডিপি-তে এর প্রভাব পড়বে প্রায় ১.১ শতাংশ এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে প্রায় ৩ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।
এসবিআই-এর গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার ডঃ সৌম্যকান্তি ঘোষ জানিয়েছেন, এই চুক্তির পর ভারতের প্রথম সারির ১৫টি পণ্যের রপ্তানি প্রায় ৯৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে রপ্তানির পরিমাণ সহজেই ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে। ২০২৫ অর্থবর্ষে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪০.৯ বিলিয়ন ডলার, যা এই নতুন চুক্তির ফলে দ্বিগুণ হওয়ার পথে। এর ফলে ভারত বিশ্ব বাজারে এক অনন্য কৌশলগত অবস্থানে পৌঁছেছে, যেখানে সংবেদনশীল বিষয়গুলোতে আপস না করেই রপ্তানিকারকরা লাভবান হবেন।
টেক্সটাইল বা বস্ত্র শিল্পের ক্ষেত্রেও ভারতের অবস্থান যথেষ্ট মজবুত। সম্প্রতি আমেরিকা ও বাংলাদেশের মধ্যে একটি পৃথক বাণিজ্য চুক্তি হলেও, এসবিআই-এর রিপোর্ট বলছে তাতে ভারতের বিশেষ ক্ষতি হবে না। যদিও বাংলাদেশ নির্দিষ্ট শর্তে শূন্য শুল্কে পণ্য পাঠানোর সুযোগ পাবে, কিন্তু আমেরিকা থেকে কাঁচামাল আমদানির খরচ ভারতের তুলনায় অনেক বেশি হবে। ফলে প্রতিযোগিতায় ভারতই এগিয়ে থাকবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে হওয়া চুক্তির ফলে ভারতের সামনে ২৬০ বিলিয়ন ডলারের বিশাল বস্ত্র বাজার খুলে গেছে, যেখানে ভারত শূন্য শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে।