হঠাৎ বিকট শব্দ, তারপরই আর্তনাদ! বাইকুল্লা টাওয়ারে হুড়মুড়িয়ে ছিঁড়ে পড়ল লিফট, আশঙ্কাজনক একাধিক

মুম্বইয়ের বাইকুল্লা ইস্ট এলাকায় একটি বহুতলে ভয়াবহ লিফট দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাত ৯টা নাগাদ ‘জয় কৃপা টাওয়ার’-এর চার তলা থেকে একটি লিফট আচমকা নিচে ছিঁড়ে পড়ে। এই ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, লিফটের কেবল বা তার ছিঁড়ে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ এবং বিএমসি (BMC) কর্মীরা। অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফায়ার অফিসার (ADFO) ভি এন সাঙ্গলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “রাত ৯টা নাগাদ চার তলা থেকে লিফটটি আছড়ে পড়ে। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।” আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
ঘটনাস্থলে উদ্ধারকাজের পাশাপাশি টাওয়ারের অন্যান্য বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। লিফটের রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। যান্ত্রিক ত্রুটির এই ঘটনায় বহুতলটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।