দালাল স্ট্রিটে রক্তস্নান! ৪০০ পয়েন্ট কমল সেনসেক্স, আইটি শেয়ারে হাহাকার!

মিশ্র বিশ্ব সংকেতের প্রভাবে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে কমতে শুরু করে প্রধান দুই সূচক। বিএসই সেনসেক্স (Sensex) ৩৯১.৭৭ পয়েন্ট কমে ৮৩,৮৪১-এর স্তরে নেমে আসে। অন্যদিকে, নিফটি-৫০ (Nifty) সূচক ১০৯.৫০ পয়েন্ট খুইয়ে বর্তমানে ২৫,৮৪৪-এর আশেপাশে ঘোরাফেরা করছে।
আইটি সেক্টরে ধস: আজকের বাজারের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তথ্যপ্রযুক্তি বা আইটি (IT) সেক্টর। ইনফোসিস, টেক মহিন্দ্রা, টিসিএস, এইচসিএল টেক এবং উইপ্রো-র মতো প্রথম সারির শেয়ারগুলিতে ব্যাপক বিক্রির চাপ লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে আইটি পরিষেবা নিয়ে উদ্বেগের জেরেই এই রক্তক্ষরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজারের ১৬৫৮টি শেয়ার আজ পতনের মুখে পড়েছে।
রুপির লড়াই ও টপ গেনার্স: আইটি সেক্টর ধুঁকলেও ব্যাংকিং এবং অটো সেক্টরের কিছু শেয়ার বাজারকে ধরে রাখার চেষ্টা করছে। ওএনজিসি (ONGC), এনটিপিসি, আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক আজ লাভের মুখ দেখছে। এদিকে, শেয়ার বাজারে পতনের মধ্যেও শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা। ডলারের তুলনায় রুপি ২১ পয়সা মজবুত হয়ে ৯০.৪৯-এ লেনদেন শুরু করেছে। এশীয় বাজারের মধ্যে হ্যাং সেং এবং সিঙ্গাপুরের বাজারের দুর্বলতাও ভারতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।