কাশির শব্দে চরম পরিণতি! প্রতিবেশীর বাড়ির সামনে কেশেছিলেন যুবক, পিটিয়ে খুনের অভিযোগে তোলপাড় কর্নাটক

তুচ্ছ কাশির শব্দকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল কর্নাটকের রামনগর জেলার বিদাদিতে। মৃত যুবকের নাম বিনোদ কুমার শাইনি (৩৪), যিনি রাজস্থানের বাসিন্দা এবং গত ১১ বছর ধরে বিদাদির একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।

ঘটনার সূত্রপাত: পুলিশ সূত্রে খবর, গত তিন দিন আগে প্রতিবেশী সঞ্জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে কাশি দিয়েছিলেন বিনোদ। অভিযোগ, এই সামান্য বিষয় নিয়ে সঞ্জয় এবং বিনোদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। বিনোদ অসুস্থ ছিলেন বলে জানা গেলেও সঞ্জয় তা মেনে নিতে নারাজ ছিলেন। বিবাদ মিটে গেছে বলে মনে করা হলেও, গত রাতে সঞ্জয়, হোম্বেগৌড়া এবং বিজয় মিলে বিনোদের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লাঠি ও ভারী বস্তু দিয়ে বেধড়ক পেটানো হয়।

তদন্ত ও বর্তমান পরিস্থিতি: গুরুতর জখম বিনোদকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই সঞ্জয় ও তাঁর সঙ্গীরা এলাকা ছেড়ে পালিয়েছে। বিদাদি থানার পুলিশ একটি খুনের মামলা দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ জানিয়েছে, কেবল কাশিই বিবাদের আসল কারণ কি না, না কি এর পিছনে কোনো পুরনো শত্রুতা ছিল— তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।