বিশ্বের দীর্ঘতম মেট্রো রুট এখন দিল্লিতে! ৮৯ কিমি দীর্ঘ ম্যাজেন্টা লাইনে থাকবে না কোনো চালক

দিল্লি মেট্রোর মুকুটে যুক্ত হতে চলেছে এক নতুন পালক। ম্যাজেন্টা লাইনটি এবার রাজধানীর দীর্ঘতম করিডোর হতে চলেছে, যার মোট দৈর্ঘ্য হবে প্রায় ৮৯ কিলোমিটার। বোটানিক্যাল গার্ডেন থেকে ইন্দ্রলোক পর্যন্ত বিস্তৃত এই রুটটি সম্পন্ন হলে এটি বিশ্বের অন্যতম দীর্ঘ মেট্রো সেকশনে পরিণত হবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই পুরো করিডোরে মেট্রো চলবে সম্পূর্ণ চালকহীন অবস্থায়।
২১টি ইন্টারচেঞ্জ ও ৬৫টি স্টেশন: দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-এর পরিকল্পনা অনুযায়ী, এই রুটে মোট ৬৫টি স্টেশন থাকবে, যার মধ্যে ৪০টি হবে ভূগর্ভস্থ। যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে এই লাইনে ২১টি ইন্টারচেঞ্জ স্টেশনের সুবিধা থাকবে। আজাদপুর, নয়াদিল্লি এবং ইন্দ্রলোকের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হবে ‘ট্রিপল ইন্টারচেঞ্জ’, যা এনসিআর-এর বিভিন্ন প্রান্তের মানুষের ভ্রমণের সময় কমিয়ে দেবে বহুগুণ।
প্রকৌশলবিদ্যার বিস্ময়: এই ম্যাজেন্টা লাইনেই রয়েছে দিল্লি মেট্রোর দুটি বড় কৃতিত্ব। হায়দারপুর বদলি মোড় স্টেশনটি হতে চলেছে সিস্টেমের সর্বোচ্চ উচ্চতার স্টেশন, অন্যদিকে হাউজ খাস স্টেশনটি হবে সবচেয়ে গভীর ভূগর্ভস্থ স্টেশন (২৯ মিটার)। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের এই সম্প্রসারণ সম্পন্ন হলে দিল্লি মেট্রো নেটওয়ার্ক বিশ্বের আধুনিকতম যাতায়াত ব্যবস্থার তালিকায় শীর্ষে উঠে আসবে।