ভারত-পাক ক্রিকেট যুদ্ধে নতুন মোড়! ‘ধনী’ বিসিসিআই কেন পাকিস্তানের সিদ্ধান্তের অপেক্ষায়? রাজ্যসভায় গর্জে উঠলেন শিবসেনা সাংসদ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ‘মহা-লড়াই’ নিয়ে উত্তাল ভারতের রাজনীতি। বুধবার রাজ্যসভার সাংসদ তথা শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী এই ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে তিনি সরাসরি আক্রমণ করেন বিসিসিআই-কে।

কেন বিসিসিআই-এর ওপর ক্ষুব্ধ প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কার প্রশ্ন, বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিশালী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল? তিনি বলেন, “পাকিস্তান ইউ-টার্ন নিল কি নিল না, সেটা বড় কথা নয়। আমার প্রশ্ন বিসিসিআই-এর কাছে। যারা আমাদের দেশে সন্ত্রাস ছড়ায়, সেই দেশটার সঙ্গে খেলার ব্যাপারে আমরা কেন স্পষ্ট মানা করে দিচ্ছি না? কেন আমরা পিসিবি বা আইসিসি-র সিদ্ধান্তের অপেক্ষায় বসে ছিলাম?”

বিতর্কের প্রেক্ষাপট: উল্লেখ্য, গত সোমবার পাকিস্তান সরকার তাদের জাতীয় দলকে ভারতের বিরুদ্ধে মাঠে নামার সবুজ সংকেত দেয়। এর আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে বিসিসিআই-এর কড়া অবস্থানের প্রতিবাদে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পিসিবি প্রধান মহসিন নাকভি ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের পর তারা পিছু হটে। প্রিয়াঙ্কা চতুর্বেদী মনে করেন, ভারতের উচিত ছিল আরও আগে এবং কড়া ভাষায় জানিয়ে দেওয়া যে, কোনো ‘সন্ত্রাসী দেশ’-এর সঙ্গে ভারত ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না।