ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নয়, আসল লক্ষ্য ছিল ‘বাংলাদেশ’! পিসিবি প্রধান নকভির বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেটমহল

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বাকযুদ্ধে সরগরম ক্রিকেট বিশ্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি এবার এমন এক দাবি করে বসলেন, যা শুনে হতবাক ক্রীড়াপ্রেমীরা। নকভির দাবি, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের যে হুঁশিয়ারি তারা দিয়েছিলেন, তার নেপথ্যে কোনো ভারত-বিদ্বেষ ছিল না; বরং পুরোটাই ছিল বাংলাদেশের স্বার্থরক্ষার তাগিদ!
লাহোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি স্পষ্ট জানান, ভারতের বিরুদ্ধে খেলতে তাদের কোনোকালেই আপত্তি ছিল না। তিনি বলেন, “আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্য লড়াই করছিলাম। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের সম্মান ফিরিয়ে দেওয়া। ওদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার সুরাহা চেয়েছিলাম আমরা। আইসিসি যখন বাংলাদেশের দাবিগুলো মেনে নিল, তখন আমাদের আর কোনো আক্ষেপ থাকল না।” পিসিবি প্রধানের এমন মন্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্লেষকদের মতে, আইসিসির চাপে পড়ে পিছু হঠলেও এখন বাংলাদেশকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে সম্মান বাঁচাতে চাইছে পাকিস্তান।
উল্লেখ্য, আইসিসির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে পাকিস্তান বেশ কিছু জোরালো শর্ত রেখেছিল, যার মধ্যে ছিল দ্বিপাক্ষিক সিরিজ ও একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। তবে নকভি এখন দাবি করছেন, তিনি আইসিসির কাছে নিজের দেশের জন্য কোনো শর্তই রাখেননি। অন্যদিকে, আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে একটি বড় টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এই সিদ্ধান্তের পরেই পাকিস্তান তাদের বয়কটের অবস্থান থেকে সরে আসে। তবে নকভির এই ‘বাংলাদেশ প্রেম’ কি নিছকই কূটনৈতিক চাল নাকি সত্য, তা নিয়ে ক্রিকেট মহলে হাসাহাসিও কম হচ্ছে না।