বিশ্ববাজারে যখন উৎসব, ভারতের শেয়ার বাজারে তখন পতন! জানুয়ারিতে বড় ধাক্কা খেল নিফটি-৫০

২০২৬ সালের জানুয়ারি মাসটি ভারতীয় শেয়ার বাজারের জন্য মোটেও সুখকর ছিল না। মোতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের প্রধান প্রধান বাজারগুলো যখন লাভের মুখ দেখেছে, তখন ভারতের বাজারে উল্টো ছবি দেখা গেছে। জানুয়ারিতে নিফটি-৫০ সূচক ৩.১০ শতাংশ পড়ে গিয়ে ২৫,৩২০.৬৫ পয়েন্টে বন্ধ হয়েছে।

রিপোর্ট বলছে, বড় শেয়ারের তুলনায় মাঝারি ও ক্ষুদ্র শেয়ারে (Broader Markets) সংশোধনের মাত্রা ছিল আরও প্রবল। নিফটি মিডক্যাপ ১৫০ সূচক ৩.৫৩ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ২৫০ সূচক ৫.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। সেক্টরভিত্তিক বিচারে একমাত্র মেটাল এবং ডিফেন্স সেক্টর প্রায় ৬ শতাংশ লাভের মুখ দেখেছে। অন্যদিকে, এফএমসিজি, রিয়েল্টি এবং কনজিউমার ডিউরেবলস সেক্টরে ৬ থেকে ১১ শতাংশ পর্যন্ত বড় পতন লক্ষ করা গেছে। বিপরীতে মার্কিন বাজারের এসএন্ডপি ৫০০ (১.৩৭%) এবং নাসডাক (১.২০%) জানুয়ারিতে বেশ চাঙ্গা ছিল। এমনকি চীন (৪.৬৬%) ও তাইওয়ানের (১১.০৯%) মতো উদীয়মান বাজারগুলোও ভারতের তুলনায় অনেক ভালো ফল করেছে।