বিপাকে বিসিবি! বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ায় ভোল বদলালেন ক্রীড়া উপদেষ্টা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে এবার ভোল বদলালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, ভারতে না খেলার সিদ্ধান্তটি সম্পূর্ণ সরকারি ছিল। কিন্তু বর্তমানে আইসিসি-র সম্ভাব্য নিষেধাজ্ঞার চাপ ও নেতিবাচক প্রচারের মুখে তিনি দাবি করেছেন, “বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি বিসিবি এবং খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।”
গত জানুয়ারি মাসে আসিফ নজরুল বলেছিলেন, নিরাপত্তার খাতিরে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তটি সরকারের। কিন্তু মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের ক্রিকেটের মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়রাই নাকি এই বিশাল আত্মত্যাগ করেছেন। তাঁর এই ‘ইউ-টার্ন’ ক্রীড়া মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ অনেক সংবাদমাধ্যমের দাবি ছিল, বিসিবি-র ওপর সরকারের চাপ ছিল এবং ক্রিকেটারদের এই বিষয়ে খুব একটা কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আইসিসি ইতিমধ্যেই জানিয়েছে যে, এই বয়কটের কারণে বাংলাদেশের ওপর কোনো সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হবে না, যা আসিফ নজরুল ‘বিরাট অর্জন’ বলে দাবি করেছেন। তবে খেলোয়াড়দের ওপর দায় চাপানোয় দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।