ভারতে বিশ্বকাপ বয়কট নিয়ে আসিফ নজরুলের ১৮০ ডিগ্রি পাল্টি! বিসিবি-র ওপর দায় চাপিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট

মঙ্গলবার এক চাঞ্চল্যকর মোড়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ২০২৬ টি-২০ বিশ্বকাপ ইস্যুতে সম্পূর্ণ উল্টো পথে হাঁটা শুরু করেছেন। এতদিন যে সিদ্ধান্তের দায় সরকারের কাঁধে ছিল, হঠাৎ করেই তিনি তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের ওপর চাপিয়ে দিয়েছেন। তার এই ‘ইউ-টার্ন’ এখন দেশের ক্রীড়াঙ্গনে বড়সড় ঝড়ের আভাস দিচ্ছে।

গত ২২ জানুয়ারি ঢাকার এক বৈঠকে আসিফ নজরুল অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছিলেন যে, ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তটি সরকারের। তিনি সে সময় বলেছিলেন, “নিরাপত্তা উদ্বেগের কারণে আমরা ভারতকে এড়িয়ে চলতে চাই এবং আইসিসি-র কাছে শ্রীলঙ্কায় খেলার আবেদন জানিয়েছি।” কিন্তু আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যায় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

তবে ১০ ফেব্রুয়ারি নিজের অবস্থান পাল্টে নজরুল দাবি করেন, “বিশ্বকাপ না খেলার পেছনে কোনো অনুতাপ নেই। জাতীয় মর্যাদা এবং ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বোর্ড ও খেলোয়াড়রাই এই ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন।” এমনকি আইসিসি বাংলাদেশকে কোনো শাস্তি দিচ্ছে না এবং ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দিয়েছে—একে তিনি ‘বিরাট সাফল্য’ বলে অভিহিত করেছেন।

বাস্তব চিত্র অবশ্য ভিন্ন কথা বলছে। ক্রিকেটারদের দাবি অনুযায়ী, ২২ জানুয়ারির সেই বৈঠকটি ছিল একেবারেই একপাক্ষিক এবং ‘অগণতান্ত্রিক’। এক ক্রিকেটার ক্রিকবাজকে জানিয়েছেন, তাদের মতামত নেওয়ার জন্য নয়, বরং সরকারের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত শুনিয়ে দেওয়ার জন্যই তাদের ডাকা হয়েছিল। বর্তমানে বিশ্বকাপের সুযোগ হারানোর ক্ষোভে ক্রিকেটাররা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।