বেলডাঙা কাণ্ডে সুপ্রিম কোর্টে চরম অস্বস্তিতে NIA! বিস্ফোরক মন্তব্যে বিঁধলেন প্রধান বিচারপতি!

মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র ভূমিকা নিয়ে এবার কড়া প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বুধবার মামলার শুনানিতে কেন্দ্রীয় সংস্থাকে কার্যত ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানায়, নথি খতিয়ে না দেখেই কীভাবে ইউএপিএ (UAPA)-র মতো গুরুতর ধারা প্রয়োগ করা হলো? বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানায়, সমস্ত বিক্ষোভ বা অশান্তিকে ‘দেশের আর্থিক ক্ষতি’ করার চেষ্টা হিসেবে দেখা ঠিক নয়।
রাজ্য সরকার বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিন শুনানির শুরুতে সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তে সরাসরি হস্তক্ষেপ না করলেও, কেন্দ্রীয় সংস্থার কর্মপদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। আদালত প্রশ্ন তোলে, “আপনাদের সামনে কেস ডায়েরি প্রস্তুত ছিল না, তা সত্ত্বেও কীভাবে ধারা ১৫ (UAPA) প্রয়োগকে আপনারা যুক্তিযুক্ত বলছেন?” বিচারপতিরা মনে করিয়ে দেন যে, ২০২৫ সালের এপ্রিলেও একটি হিংসার ঘটনা ঘটেছিল যেখানে হাইকোর্ট এনআইএ-কে বিষয়টি খতিয়ে দেখতে বলেছিল। কিন্তু রাজ্য সরকারের অভিযোগ, সেই নির্দেশের পর এনআইএ দীর্ঘদিন চুপচাপ বসেছিল।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, আবেগতাড়িত কোনও বিক্ষোভ বা স্থানীয় অশান্তি মানেই তা ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করার ষড়যন্ত্র—এমনটা ভাবা ভুল। এনআইএ-কে সতর্ক করে বেঞ্চ জানায়, ইউএপিএ প্রয়োগ করার আগে অকাট্য প্রমাণ থাকা প্রয়োজন। শেষ পর্যন্ত শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, এই মামলায় ইউএপিএ ধারার প্রয়োজনীয়তা আছে কিনা, তা এনআইএ রিপোর্ট দিয়ে জানাবে। এরপর কলকাতা হাইকোর্ট পুরো বিষয়টি বিচার করে দেখবে। এই নির্দেশ এনআইএ-র জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।