রণবীর সিংয়ের পর এবার সালমান! বলিউড জুড়ে বিষ্ণোই গ্যাংয়ের তান্ডব, পুলিশের হাই-অ্যালার্ট

বলিউডে যেন নব্বইয়ের দশকের সেই অন্ধকার দিনগুলো ফিরে আসছে। পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলিবর্ষণ এবং অভিনেতা রণবীর সিংকে কোটি কোটি টাকার তোলা চেয়ে হুমকির রেশ কাটতে না কাটতেই এবার টার্গেট করা হলো সুপারস্টার সালমান খানের এক ঘনিষ্ঠ আত্মীয় ও সহকর্মীকে। বুধবার মুম্বই পুলিশ জানিয়েছে, সালমান খানের ওই আত্মীয়ের কাছে একটি ইমেল পাঠানো হয়েছে যেখানে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সেই মেইলে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রেরক নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি রণবীর সিংকেও একই কায়দায় হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ এখন খতিয়ে দেখছে এই মেইল এবং রণবীরের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না। সালমান খানের নিরাপত্তা ইতিমধ্যেই ‘Y-প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, তবে তাঁর পরিবারের সদস্যকে এই নতুন হুমকি মুম্বই পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি উচ্চ-পর্যায়ের টিম ইতিমধ্যেই ইমেলের মেটাডেটা এবং আইপি অ্যাড্রেস ট্র্যাক করা শুরু করেছে। শুধু তাই নয়, লরেন্স বিষ্ণোই সিন্ডিকেটের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের মোবাইল লোকেশন বেশ কিছু সেলেব্রিটির বাড়ির আশেপাশে পাওয়া গেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ। রোহিত শেট্টি ও রণবীরের ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল ষড়যন্ত্রকারী এখনও অধরা।