. “এটা কোনো ভিক্ষা নয়!” রাজপাল যাদবের ৯ কোটির ঋণ মেটাতে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কড়া বার্তা FWICE-এর

চেক বাউন্স মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াই এবং ক্রমবর্ধমান আর্থিক ঋণের দায়ে পর্যুদস্ত অভিনেতার পাশে দাঁড়াতে এবার বলিউড তথা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসার ডাক দিল ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE)। সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটি কোনো চ্যারিটি বা ভিক্ষার আবেদন নয়, বরং একজন দক্ষ সহকর্মীর পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব।
২০১০ সালে নিজের ছবি ‘আতা পাতা লাপাতা’-এর জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। সেই ছবি ফ্লপ হওয়ায় ঋণের বোঝা সুদে-আসলে বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা। দীর্ঘ সময় ধরে টাকা মেটাতে না পারায় এবং আদালতের প্রতিশ্রুতি ভঙ্গ করায় গত ৫ ফেব্রুয়ারি তিনি জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের আগে এক আবেগঘন বার্তায় অভিনেতা বলেন, “আমার কাছে কোনো টাকা নেই, এমনকি সাহায্যের জন্য কোনো বন্ধুও নেই।”
FWICE-এর সভাপতি বি এন তিওয়ারি এক বিবৃতিতে সমস্ত প্রযোজক, পরিচালক এবং শিল্পীদের অনুরোধ করেছেন যেন তারা রাজপালকে কাজ এবং আর্থিক অগ্রিমের মাধ্যমে সহযোগিতা করেন। ইতিমধ্যে সোনু সুদ এবং গুরমিত চৌধুরীর মতো তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। FWICE জানিয়েছে, যারা সরাসরি রাজপালকে সাহায্য করতে চান না, তারা সংগঠনের মাধ্যমেও স্বচ্ছভাবে অর্থ পাঠাতে পারেন, যা অভিনেতার আইনি দেনা মেটাতে ব্যবহৃত হবে।