২০২৬-এও আমরাই আসছি’, কংগ্রেসের সঙ্গে জোট জল্পনার মাঝে হুঙ্কার স্ট্যালিনের!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডিএমকে (DMK) ফের সরকার গড়বে—এমনই আত্মবিশ্বাসী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেসের সঙ্গে জোটের টানাপোড়েন নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন সেই জল্পনা উড়িয়ে দিয়ে স্ট্যালিন স্পষ্ট করলেন, রাহুল গান্ধীর দলের সঙ্গেই জোট বেঁধে নির্বাচনে লড়বে ডিএমকে। তবে ক্ষমতা দখলের পর কংগ্রেসকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি।

একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্ট্যালিন বলেন, “কংগ্রেসের সঙ্গে আমাদের জোট অটুট। রাহুল গান্ধীর সঙ্গে আমার ভাইয়ের মতো সম্পর্ক। কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন এখনই উঠছে না।” উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১৩৩টি জিতে এককভাবে ক্ষমতায় এসেছিল ডিএমকে। সেবার জোটসঙ্গী কংগ্রেস ২৫টি আসনে লড়ে ১৮টিতে জিতলেও মন্ত্রিসভায় কোনো জায়গা পায়নি। এবার কংগ্রেস বড় অংশের আসন এবং মন্ত্রিত্ব—উভয়ই দাবি করছে বলে খবর। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই আসন রফা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।

বিজেপি তথা এনডিএ (NDA) জোটকে আক্রমণ করতে গিয়ে স্ট্যালিন সেটিকে ‘ডাবল ইঞ্জিন’ নয়, বরং ‘ডাব্বা ইঞ্জিন’ বা ফাঁকা কলসি বলে ব্যঙ্গ করেন। নির্বাচনের লড়াইকে আরিয়ান বনাম দ্রাবিড় সভ্যতার লড়াই হিসেবে ব্যাখ্যা করে তিনি অভিযোগ করেন, বিজেপি তামিলনাড়ুতে ঘৃণা এবং বিভাজনের রাজনীতি ছড়ানোর চেষ্টা করছে। এআইএডিএমকে এবং পিএমকে-র মতো দলগুলি এনডিএ-তে থাকলেও তামিলনাড়ুর মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলেই দাবি স্ট্যালিনের।