ভারতের সবথেকে ধনী পুরসভায় ঐতিহাসিক পালাবদল! কে এই ঋতু তাওড়ে? যাঁর হাতে মুম্বইয়ের চাবিকাঠি

মুম্বইয়ের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। গত ২৫ বছর ধরে চলে আসা থ্যাকারে পরিবারের আধিপত্য চুরমার করে দিয়ে বাণিজ্যনগরীর নতুন মেয়র নির্বাচিত হলেন বিজেপির ঋতু তাওড়ে। শিবসেনা (ইউবিটি) কোনো প্রার্থী না দেওয়ায়, ৫৩ বছর বয়সী এই নেত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিগত চার দশকের মধ্যে এই প্রথম মুম্বইয়ের মেয়রের চেয়ারটি দখল করল ভারতীয় জনতা পার্টি।
ঘাটকোপার পশ্চিমের তিনবারের কর্পোরেটর ঋতু তাওড়ে একজন পোড়খাওয়া রাজনীতিক। বিএমসি-র শিক্ষা কমিটির চেয়ারপারসন এবং ইমপ্রুভমেন্ট কমিটির ভাইস-চেয়ারপারসন হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা দীর্ঘ। নিচুতলার রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী মুম্বইয়ের পূর্ব শহরতলির বিজেপি মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, ঋতুর প্রশাসনিক দক্ষতা এবং জনভিত্তি মুম্বইয়ের উন্নয়নে নতুন গতি আনবে।
তবে এই জয়কে ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, মরাঠি ভোটের চাপে পড়ে বিজেপি একজন ‘মরাঠি’ মুখকে মেয়র করতে বাধ্য হয়েছে। যদিও অঙ্কের বিচারে বিজেপির জয় ছিল সুনিশ্চিত। ২২৭ আসনের বিএমসি-তে বিজেপি ৮৯টি এবং তাদের সহযোগী একনাথ শিন্ডের শিবসেনা ২৯টি আসন পেয়ে ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। ৭৫,০০০ কোটি টাকার বাজেটের এই বিশাল পুরসভা এখন থ্যাকারেদের হাত থেকে সরাসরি মহাযুতির নিয়ন্ত্রণে।