নিজের কর্মীদের বিরুদ্ধে কোর্টে যাওয়া একমাত্র মুখ্যমন্ত্রী মমতা! ডিএ ইস্যুতে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে নস্যাৎ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী ডিএ মামলাকে ‘বিচারাধীন’ বা ‘সাবজুডিস’ বলে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন। বুধবার সল্টলেকে সাংবাদিক বৈঠক করে তার পালটা দিলেন শুভেন্দু। তিনি সাফ জানান, “সুপ্রিম কোর্টে ডিএ এখন ক্লোজড চ্যাপ্টার। আদালত স্পষ্ট করে দিয়েছে এটি কর্মীদের মৌলিক অধিকার। কীভাবে এরিয়ার মেটাতে হবে, তার রূপরেখাও দিয়ে দিয়েছে শীর্ষ আদালত।” শুভেন্দুর হুঁশিয়ারি, মার্চের মধ্যে বকেয়ার ২৫ শতাংশ টাকা না মেটালে আইনি ব্যবস্থার মুখে পড়বে রাজ্য।

শুভেন্দুর পাশাপাশি সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। বিজেপির সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি নিজের সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই বারবার আদালতে যাচ্ছেন।” তিনি আরও অভিযোগ করেন, কর্মীরা বকেয়া ডিএ-র হতাশায় প্রাণ হারাচ্ছেন। রাজ্য সরকারকে অবিলম্বে কর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ২০০৮ সাল থেকে জমে থাকা বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স (AICPI) অনুযায়ী মেটাতে হবে। রাজ্যের আর্থিক কাঠামোর দোহাই দিয়ে ডিএ আটকানোর যে চেষ্টা নবান্ন করছিল, তাকে পাত্তাই দেয়নি শীর্ষ আদালত। এদিকে, ডিএ মেটানোর দাবিতে নবান্নে স্মারকলিপি দিতে গিয়ে বাধা পান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের প্রশ্ন, “রাজ্য বলছে টাকা নেই, অথচ শ্রমহীন প্রকল্পগুলোতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কীভাবে?”