সাবেক সেনাপ্রধানের জীবনকাহিনী ফাঁস! বিপাকে প্রকাশনা সংস্থা, দিল্লি পুলিশের নিশানায় এবার ‘পেঙ্গুইন’

সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভনের অপ্রকাশিত আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ (Four Stars of Destiny) নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবার আইনি লড়াইয়ে মোড় নিল। বইটির বিষয়বস্তু এবং পিডিএফ কপি অবৈধভাবে ফাঁস হওয়ার ঘটনায় এবার প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া’-কে কড়া নোটিশ পাঠাল দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেনাপ্রধানের বইয়ের এই গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টিকে জাতীয় নিরাপত্তার খাতিরেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
দিল্লি পুলিশের সাঁড়াশি তল্লাশি দিল্লি পুলিশের স্পেশাল সেল এই তদন্তে কোনো ফাঁক রাখতে চাইছে না। প্রকাশককে পাঠানো নোটিশে জানতে চাওয়া হয়েছে—বইটির পাণ্ডুলিপি কাদের হাতে ছিল? ডিজিটাল ফাইলের অ্যাক্সেস কার কার কাছে ছিল? এবং কোথা থেকে এই তথ্য ফাঁস হতে পারে? পুলিশ মনে করছে, এটি কেবল কপিরাইট আইন লঙ্ঘন নয়, বরং এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে। দ্রুতই প্রকাশনা সংস্থার প্রতিনিধিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে বইটির পিডিএফ কপি এবং কভার ডিজাইন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বেশ কিছু ই-কমার্স সাইটে বইটির পূর্ণাঙ্গ প্রচ্ছদ এমনভাবে দেখানো হচ্ছিল যেন এটি বিক্রির জন্য তৈরি। এর ফলে জনমানসে তীব্র বিভ্রান্তি তৈরি হয়। সংসদ ভবন পর্যন্ত এই ইস্যুটি পৌঁছেছে এবং সাংসদেরা সেনাপ্রধানের মতো একজন ব্যক্তির অপ্রকাশিত বই ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রকাশকের সাফাই পেঙ্গুইন র্যান্ডম হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বইটির কোনো অফিশিয়াল কপি এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে যা যা অনলাইনে ছড়িয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। তারা দিল্লি পুলিশকে তদন্তে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। এখন দেখার বিষয়, স্পেশাল সেলের তদন্তে এই ‘ডিজিটাল লিকের’ পেছনে থাকা মূল পান্ডাদের পর্দা ফাঁস হয় কি না।