পিএফ গ্রাহকদের লটারি! এবার ইউপিআই-এর মাধ্যমেই তোলা যাবে টাকা, এল বড় আপডেট

প্রযুক্তির যুগে জীবনযাত্রা এখন হাতের মুঠোয়। কেনাকাটা থেকে শুরু করে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন—সবই এখন লহমায় সম্ভব। এবার সেই ডিজিটাল বিপ্লবের ছোঁয়া লাগতে চলেছে আপনার কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ডের (EPFO) টাকার ওপরেও। কেন্দ্রীয় সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে, যার ফলে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই তুড়ি মেরে পিএফের টাকা তুলতে পারবেন বেসরকারি সংস্থার কর্মীরা।
ইউপিআই-এর মাধ্যমেই অ্যাকাউন্টে আসবে টাকা! কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি বিশেষ মোবাইল অ্যাপ আনার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। এই অ্যাপের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর সঙ্গে যুক্ত থাকবে ইউপিআই (UPI) লেনদেনের সুবিধা। বর্তমানে পিএফের টাকা তোলার জন্য ইউএএন (UAN) পোর্টালে গিয়ে লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং টাকা হাতে পেতে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়। কিন্তু নতুন এই অ্যাপ চালু হলে সরাসরি মোবাইলের মাধ্যমেই আবেদন করা যাবে এবং টাকাও দ্রুত ক্রেডিট হবে।
২৬ লক্ষ কোটি টাকার তহবিলে ডিজিটাল বদল সরকারি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ইপিএফও-তে সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা এবং সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ৭.৫ কোটি। এই বিশাল সংখ্যক মানুষের পরিষেবা আরও উন্নত করতে ইতিমধ্যেই নতুন অ্যাপটির সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। বর্তমানে ‘উমঙ্গ’ (Umang) অ্যাপের মাধ্যমে পিএফ ব্যালেন্স দেখা গেলেও, নতুন অ্যাপটি হবে সম্পূর্ণ আলাদা এবং আরও আধুনিক। এটি সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি ভীম (BHIM) বা অন্যান্য ইউপিআই অ্যাপের সঙ্গেও যুক্ত থাকবে।
কবে থেকে মিলবে সুবিধা? সব ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসের শেষ দিক থেকেই এই পরিষেবা চালু হতে পারে। তবে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়মও স্পষ্ট করা হয়েছে:
একজন গ্রাহক তাঁর জমা টাকার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন।
বাকি ২৫ শতাংশ টাকা তহবিলে গচ্ছিত রাখতে হবে।
যদি কোনো কর্মী চাকরি হারান বা ছাঁটাই হন, তবে ১২ মাস পর তিনি ওই অবশিষ্ট ২৫ শতাংশ টাকাও তোলার সুযোগ পাবেন।
এই ডিজিটাল পদক্ষেপের ফলে লক্ষ লক্ষ চাকরিজীবী মানুষের হয়রানি কমবে এবং জরুরি প্রয়োজনে পিএফের টাকা পাওয়া আগের চেয়ে অনেক বেশি সহজ ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।