গেমিং পিসি ছাড়াই খেলুন ‘ব্ল্যাক মিথ: উকুং’! ভারতে পা রাখছে এনভিডিয়া ‘জিফোর্স নাও’, বদলে যাবে গেমারদের দুনিয়া

ভারতে গেমিংয়ের সংজ্ঞাই কি বদলে যেতে চলেছে? গত সপ্তাহে এনভিডিয়া (Nvidia) তাদের বহুল প্রতীক্ষিত ক্লাউড গেমিং পরিষেবা GeForce Now আনুষ্ঠানিকভাবে ভারতের জন্য উন্মোচন করেছে। মুম্বাইয়ের একটি এক্সক্লুসিভ ইভেন্টে এই ঘোষণা করার সময় এনভিডিয়া পরিষ্কার করে দিয়েছে যে, ভারত এখন আর কেবল গেমিংয়ের জন্য একটি সম্ভাবনাময় বাজার নয়, বরং ক্লাউড গেমিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
এনভিডিয়ার এই পদক্ষেপটি অত্যন্ত সাহসী। মাইক্রোসফটের এক্সবক্স ক্লাউড গেমিং এবং সনির প্লেস্টেশন ক্লাউড স্ট্রিমিং এখনও ভারতে সেভাবে ডালপালা মেলতে পারেনি। সেখানে এনভিডিয়া দাবি করছে, ভারতের শহরাঞ্চলে ইন্টারনেটের গড় গতি এখন ৪০-৫০ Mbps, যা ক্লাউড গেমিংয়ের জন্য আদর্শ। ল্যাটেন্সি বা গেম চলাকালীন ধীরগতির সমস্যা কাটাতে তারা মুম্বাইয়ে নিজস্ব লোকাল সার্ভার বসিয়েছে। ফলে বিদেশে ডেটা সেন্টারের ওপর নির্ভর করার দিন শেষ। এনভিডিয়ার নিজস্ব প্রযুক্তি—ক্লাউড জি-সিঙ্ক, রিফ্লেক্স এবং ডিএলএসএস (DLSS) গেমারদের এক মসৃণ অভিজ্ঞতা দেবে।
সবচেয়ে মজার বিষয় হলো, ‘জিফোর্স নাও’ আপনাকে কোনো গেম কিনবে না, বরং তাদের শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহারের সুযোগ দেবে। স্টিম বা এপিক গেমস-এ কেনা আপনার পছন্দের ৪০০০-এর বেশি গেম আপনি এখন ৫০০০ টাকার স্মার্টফোন, পুরনো ল্যাপটপ, ম্যাকবুক বা স্মার্ট টিভিতে খেলতে পারবেন। ইভেন্টে দেখা গেছে, একটি সাধারণ স্মার্টফোনে অনায়াসে চলছে ‘ফরজা হরাইজন ৫’ এবং ম্যাকবুক এয়ার-এ চলছে ‘ব্ল্যাক মিথ: উকুং’। ভারতের মতো দাম-সংবেদনশীল বাজারে, যেখানে দামী গেমিং পিসি কেনা অনেকের সাধ্যের বাইরে, সেখানে এনভিডিয়ার এই পরিষেবাটি এক গেম-চেঞ্জার হতে চলেছে। যদিও দাম এবং লঞ্চের নির্দিষ্ট তারিখ নিয়ে তারা এখনও ধোঁয়াশা রেখেছে, তবে এটি নিশ্চিত যে ভারতীয় গেমারদের জন্য এক বিশাল চমক অপেক্ষা করছে।