. সবার চোখে ধুলো দিয়ে বিগ বস ২০-তে ঢুকছেন এই বিশ্বখ্যাত সেতার বাদক? কে এই ভগীরথ ভাট?

বিগ বস মানেই টানটান উত্তেজনা, বিতর্ক আর ড্রামা। কিন্তু আসন্ন ‘বিগ বস ২০’ কি একটু অন্য পথে হাঁটতে চলেছে? সলমন খানের জনপ্রিয় এই রিয়েলিটি শো-র ২০তম সিজন ঘিরে এখন তুঙ্গে জল্পনা। আর এরই মাঝে ইন্টারনেটে যে নামটি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, তা হলো বিখ্যাত সেতার বাদক ও সুরকার ভগীরথ ভাট (Bhagirath Bhatt)। সোশ্যাল মিডিয়া থেকে ফ্যান পেজ—সর্বত্রই এখন একটিই প্রশ্ন: কে এই ভগীরথ ভাট? কেন তাকে নিয়ে এত চর্চা?

১৯৯১ সালে গুজরাটের জামনগরে জন্ম নেওয়া ভগীরথ কোনো গ্ল্যামার জগত থেকে আসা অভিনেতা নন, বরং তিনি শাস্ত্রীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র ছয় বছর বয়স থেকে বাবার কাছে সেতারের তালিম শুরু। মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদা থেকে স্বর্ণপদক পাওয়া এই শিল্পী এখন গ্লোবাল আইকন। সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’ থেকে শুরু করে ‘হীরামাণ্ডি’, ‘বন্দিশ ব্যান্ডিটস’ বা কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’—প্রতিটি বড় প্রজেক্টে তার সেতারের সুর জাদু ছড়িয়েছে। এমনকি নেটফ্লিক্সের আন্তর্জাতিক সিরিজ ‘Avatar: The Last Airbender’-এও শোনা গেছে তার কাজ।

সম্প্রতি সুইজারল্যান্ডের ডানস্টার বিজনেস স্কুল তাকে সাম্মানিক ডক্টরেট (PhD) উপাধিতে ভূষিত করেছে। এমন এক ব্যক্তিত্বের বিগ বসের মতো বিতর্কিত ঘরে প্রবেশ কি কেবলই গুঞ্জন নাকি চমক? ভক্তরা মনে করছেন, ভগীরথ যদি প্রবেশ করেন তবে বিগ বসের ইতিহাসে এটি হবে এক নতুন মাত্রা। যদিও এখন পর্যন্ত চ্যানেল বা শিল্পীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সেপ্টেম্বরে সলমন খানের এই শো শুরু হওয়ার আগেই ভগীরথকে নিয়ে শুরু হয়ে গেছে চরম উত্তেজনা।