‘যুবকদের গুটখার খরচ দেবেন দিদি!’ ময়নাগুড়ির তৃণমূল নেতার বেফাঁস মন্তব্যে তোলপাড় বাংলা

রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুব সাথী’ প্রকল্প নিয়ে যখন চারদিকে চর্চা তুঙ্গে, তখনই এক তৃণমূল নেতার মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যুব সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আসলে যুবকদের মাসে এক হাজার টাকার ‘গুটখার খরচ’ মিটিয়ে দিচ্ছে।

ভাইরাল ভিডিওটিতে বিশ্বজিৎ বাবুকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “দিদি যুব সাথীর মাধ্যমে বড় বার্তা দিয়ে দিয়েছেন। এখনকার যুবকদের একটা বড় অংশ পান-গুটখা খায়। তাদের বলতে হবে, তোর তো মাসে এক হাজার টাকা গুটখার খরচ হয়, ওই টাকাটা দিদি দেবেন।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ময়দান ছেড়ে দেয়নি বিজেপি। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, “তৃণমূল এটাই চায় যে বাংলার যুবসমাজ পান-গুটখা আর চোলাই খেয়ে পড়ে থাকুক। এই প্রকল্পের ঘোষণা আসলে প্রমাণ করে দিচ্ছে যে আগামী ৫ বছর কোনো পাকা চাকরি হবে না।”

যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসকদলের দাবি, বিজেপি ‘AI’ প্রযুক্তি ব্যবহার করে এই জাল ভিডিও তৈরি করেছে বিশ্বজিৎ সেনের ভাবমূর্তি নষ্ট করতে। তবে রাজনৈতিক মহলের মতে, এপ্রিল মাস থেকে শুরু হতে চলা এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত বিধানসভা নির্বাচনের আগে এক বড় ‘মাস্টারস্ট্রোক’। এখন সেই প্রকল্পের ব্যাখ্যা নিয়ে এই বিতর্ক কোথায় গিয়ে থামে, সেটাই দেখার।