হাতে বন্দুক, ব্যাকগ্রাউন্ডে ফিল্মি গান! ‘ড্যাশিং স্টার’ সাজতে গিয়ে শ্রীঘরের দোরগোড়ায় কংগ্রেস বিধায়কের খাস লোক

সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তার নেশায় এবার আইনি জালে কর্ণাটকের কালাবুর্গির এক প্রভাবশালী ব্যক্তিত্ব। স্থানীয় কংগ্রেস বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মতিন প্যাটেলের একটি ভিডিও সম্প্রতি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জনপ্রিয় কন্নড় ছবি ‘ধুরন্ধর’-এর ‘ফালা’ গানের তালে হাতে পিস্তল এবং বন্দুক নিয়ে ফিল্মি কায়দায় পোজ দিচ্ছেন মতিন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জননিরাপত্তা এবং আইনের শাসন নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
কালাবুর্গির পুলিশ কমিশনার শরণপ্পা এসডি জানিয়েছেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে যে, ভিডিওতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্সপ্রাপ্ত কি না এবং জনসমক্ষে এভাবে অস্ত্র প্রদর্শন করে অস্ত্র আইন (Arms Act, 1959) লঙ্ঘন করা হয়েছে কি না। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, কোন থানার অধীনে এই ভিডিওটি তোলা হয়েছে তা চিহ্নিত করার কাজ চলছে এবং দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় বিষয়টি নিয়ে ইতিমধেই রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে, যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।